দেবজিৎ মুখার্জি, কলকাতা: একদিকে যখন বিজেপির পেশ করা রাজ্য বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বিশাল কাটছাঁট নিয়ে আওয়াজ তুলেছে বিরোধীরা, তখন অন্যদিকে কিছুটা আলাদা সুর শোনা গেল আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তথা দলের বিধায়ক, হুমায়ুন কবীরের গলায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বর্তমান সরকারকে সময় দিতে হবে কিছুটা। তবে এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে তিনি আওয়াজ ওঠাবেন যদি প্রত্যেক পদে হেনস্থা করা হয় মুসলমানদের।
সোমবার, ২২ জুন, বিজেপি সরকার পেশ করেছে তাদের প্রথম বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করেছে, সেই সবটা তিনি তুলে ধরেছেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এই বাজেটকে সর্বব্যাপী বাজেটের তকমা দেওয়া হলেও তা মনে করছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মতে, এই বাজেট জনস্বার্থ বিরোধী।
সিপিএম, কংগ্রেস, আইএসএফ সহ বিরোধীরা যখন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষায় বিশাল কাটছাঁট নিয়ে আওয়াজ তুলেছে, তখন অন্যদিকে কিছুটা আলাদা মত তুলে ধরলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। তিনি বলেন, “রাজ্যে গত ১৫ বছরের সরকারের আমলে চালু করেনি মাদ্রাসা উন্নয়ন, মিড ডে মিল। এই সরকার তথ্য জোগাড় করছে মাদ্রাসার বিষয়ে। কিছুটা সময় তাদের দিতে হবে। তবে যদি মুসলমানদের পদে পদে হেনস্থা করার চেষ্টা করা হয়, তাহলে আওয়াজ ওঠাব বিধানসভার ভিতরে, বাইরে।” তাঁর সংযোজন, “বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তা কঠিন পূরণ করাটা। ৫০-৬০% পূরণ হতে পারে তার। আসলে এই সরকার কেন্দ্র ও তাদের নেতৃত্বকে অসন্তুষ্ট করে চলতে পারবে না। কেন্দ্রের অধীনে রয়েছে বাংলার সরকারের রাশ।” এবার দেখার বিষয় যে বাজেটে যা ঘোষণা করেছে রাজ্য সরকার, তা পূরণ করার লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয় তাদের তরফ থেকে।



By










