• Home
  • জেলার খবর
  • কড়া পথে হাঁটল বাস মালিক সংগঠনগুলি, চিঠি কমিশনকে

কড়া পথে হাঁটল বাস মালিক সংগঠনগুলি, চিঠি কমিশনকে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা ভোটের আগে, অভিযোগ ও একাধিক দাবি তুলে, নির্বাচন কমিশনকে চিঠি বাস মালিকদের সংগঠনের। অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতি চিঠি দিয়ে পরিষ্কার করে দেয় যে ভাড়া না বাড়ালে বাস দেওয়া সম্ভব নয়।

গত বিধানসভা নির্বাচনে তুমুল ঝগড়া হয়েছিল ভাড়া নিয়ে। অভিযোগ, কমিশনের প্রতিশ্রুতির পর গাড়ি দেওয়া সত্ত্বেও সময় অনুযায়ী এবং পর্যাপ্ত অর্থ মেলেনি। তাই এবার নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের অপেক্ষা না করে ভাড়ার তালিকা দিয়ে কমিশনকে চিঠি পাঠালো মালিকদের সংগঠন।

তাদের দাবি, চল্লিশের বেশি আসনের বাস হলে রোজ সাড়ে চার হাজার, ৩০ থেকে ৪০ আসনের মধ্যে হলে রোজ চার হাজার, ৩০ আসনের মধ্যে হলে রোজ সাড়ে তিন হাজার এবং বাতানুকূল বাসের ক্ষেত্রে রোজ সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া দিতে হবে। শুধু তাই নয়, মাথাপিছু রোজ ৫০০ টাকা করে দিতে হবে সেই বাস চালক ও বাসে থাকা কর্মীদের, যাঁদের ভাড়ায় নিয়ে যাওয়া হবে। বেসরকারি বাস সংগঠনের সাফ কথা, কমিশনের তরফ থেকে যদি এই দাবিগুলি মেনে নেওয়া হয়, তবেই বাস ছাড়া হবে।

গত লোকসভা নির্বাচনে ২০০০-২৩০০ টাকা বাস পিছু ভাড়া ছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রাপ্য টাকার অর্ধেকের বেশি হাতে পায়নি বাস মালিক সংগঠনগুলি। সেই কারণেই এবার তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের আরও প্রশ্ন, ওড়িশায় কমিশন বেশি টাকায় বাস ভাড়া নিচ্ছে, তাহলে বাংলার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? এই প্রসঙ্গে অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায়ের বক্তব্য, “কমিশন ভোটের আগে বাস নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভোটের পর বিল দেওয়া সত্ত্বেও এখনো টাকা পাননি বহু জেলার বাস মালিকরা। তাছাড়া অল্প টাকা দেওয়া হয় বাংলায় বাস ভাড়া নিতে। বাড়াতে হবে সেটা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top