নিউজ ডেস্ক: চলতি ফুটবল বিশ্বকাপে ফের জয় পেল নরওয়ে। এবার তাদের হাতে পরাজিত হলো সেনেগাল। যদিও এই জয় খুব একটা সহজ ছিল না তাদের কাছে। ম্যাচের ফলাফল ৩-২। সেনেগালের তরফ থেকেও আপ্রাণ চেষ্টা করা হয় ম্যাচ বাঁচানোর। তবে শেষ পর্যন্ত তারা তা করে উঠতে পারেনি। বিস্তারিতভাবে বলতে গেলে, মাঝেমধ্যে ম্যাচে নরওয়েকে চাপে ফেলেছিল সেনেগাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বল দখল বেশি ছিল সেনেগালেরই।
মঙ্গলবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচটি খেলা হয়েছিল ইস্ট রুদারফোর্ডের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। ম্যাচে প্রথম মিনিট আক্রমণ ও পাল্টা আক্রমণ চলছিল দুই দলের তরফ থেকেই। এরপর আক্রমণের গতি বাড়ানো শুরু করে সেনেগাল। তারা লাগাতার চেষ্টা করে গোল করে ম্যাচে এগিয়ে যাওয়ার। কিন্তু পেরে উঠছিল না তারা। তবে ৪৩ মিনিটে সুযোগ কাজে লাগায় নরওয়ে। গোল করে দলকে এগিয়ে দেন পেডারসেন। গোল খেয়ে গোল দেওয়ার চেষ্টা করে সেনেগাল। প্রথমার্ধের বাকি সময়টুকু তারা মরিয়া হয়ে চেষ্টা করে সমতা ফেরানোর। কিন্তু পেরে ওঠেনি। অবশেষে প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে নরওয়ে।
দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ফুটবল জারি রাখে সেনেগাল। সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের মাত্রা আরো বাড়ায় তারা। কিন্তু ফের সুযোগ কাজে লাগাতে সফল হয় নরওয়ে। এবার গোল করে ব্যবধান বাড়িয়ে দেন তারকা ফুটবলার হাল্যান্ড। ৫৩ মিনিটে খাতা খোলে সেনেগাল। গোল করেন সার। তবে তার কয়েক মিনিট পরই ফের গোল করে নরওয়ে। ৫৮ মিনিটে ফের সেনেগালের জালে বল জড়ান হাল্যান্ড। ইকুয়ালাইজ করার জন্য নিজেদের সবটা দেয় সেনেগাল। একেবারে ম্যাচ শেষের দোরগোড়ায় তারা পায় তাদের দ্বিতীয় গোল। এবারেরও গোলদাতা সার। তৃতীয় গোলটির জন্যও চেষ্টা করে তারা। কিন্তু সফল হয়নি। অবশেষে ৩-২ ফলাফলে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় নরওয়ে।



By











