দেবজিৎ মুখার্জি, কলকাতা: লাগাতার বিশ্রী রূপ ধারণ করছে তৃণমূল কংগ্রেসের ভিতরের দ্বন্দ্ব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সাথে যুক্ত থাকার অভিযোগে কালীঘাটের তৃণমূলের তরফ থেকে শোকজ করা হলো দলের কয়েকজন শীর্ষ নেতাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই শোকজের তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম, ওরফে ববিরও। এছাড়া নাম রয়েছে অরূপ বিশ্বাস, জাভেদ খান সহ আরো অনেকের। বিষয়টি জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক হইচই পড়েছে।
সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে ঘোষণা করা হয় নতুন সাংগঠনিক কমিটির। তার কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহী শিবিরের নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় কালীঘাট তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে। জানা গিয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ পাঠানো হয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন সহ একাধিক নেতাকে।
দলীয় সূত্রের দাবি, গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে ঋতব্রত শিবিরে যোগ দেওয়া এবং বিকল্প এক সাংগঠনিক কাঠামো তৈরি করার চেষ্টাকে। সেই কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে তাঁদের থেকে। অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে যে এই পদক্ষেপ থেকে পরিষ্কার যে দলের ভিতরে ক্ষমতার লড়াই এখন প্রকাশ্য দ্বন্দ্বের রূপ নিয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা তারপর কী হয়, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। তবে দিনের শেষে যে বিষয়টি দিনদিন কালীঘাটের তৃণমূলের কাছে এক বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে এবার দেখার যে আগে কি হয়।



By










