দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদল ঘটতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কাটছাঁট করা হলো। মঙ্গলবার থেকেই তা শুরু হয়েছিল। তবে বুধবার তা অন্য আকার নেয়। এতদিন যে কালীঘাট, ক্যামাক স্ট্রিট কিংবা হরিশ মুখার্জি রোডের বাড়িগুলিতে যে ব্যাপক নিরাপত্তা দেখা যেত, তা এখন সাধারণ মানুষের জন্য কার্যত খোলা।
এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জী রোডের বাড়ি ‘শান্তিনিকেতন’এর সামনে যে পুলিশি কিয়স্ক, ব্যারিকেড এবং ২৪ ঘণ্টা সশস্ত্র পুলিশি পাহারা ছিল, বুধবার সম্পূর্ণ উল্টো চিত্র দেখা গেল। লালবাজারের নির্দেশানুযায়ী মঙ্গলবার রাতেই শুরু হয়েছিল এই বিশেষ নিরাপত্তা সরানোর কাজ। এখন থেকে একজন সাংসদ হিসেবে যেটুকু প্রটোকল পাওয়ার কথা, তাঁকে শুধু সেটুকুই দেওয়া হবে বলে খবর। মঙ্গলবার ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ক্যামাক স্ট্রিটের অফিসের সামনে থাকা নিরাপত্তা ব্যবস্থাও সরানো হয়েছে।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনের গলি ও পার্শ্ববর্তী এলাকার ব্যারিকেডও সরানো হয়েছে। এতদিন ধরে যেই রাস্তা দিয়ে যাতায়াত করার আগে পুলিশের অনুমতি লাগতো সাধারণ মানুষের, এখন তা খুলে দেওয়া হয়েছে সকলের জন্য।



By










