দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন পানিহাটির বিজেপি প্রার্থী, তথা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের মা, রত্না দেবনাথ। এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও অজস্র বিজেপি কর্মী-সমর্থক। পাশাপাশি, ছিলেন স্মৃতি ইরানি থেকে বিপ্লব দেবের মতো কেন্দ্রের হেভিওয়েট নেতৃত্বরা।
এদিন ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার দিন হিসেবে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে রত্না দেবনাথ বলেন, “এক ৯ তারিখেই আমার কাছে আমার রত্ন এসেছিল। মনে হয়েছিল গোটা পৃথিবী পেয়ে গিয়েছি। কিন্তু আবার সেই ৯ তারিখেই আমার রত্নকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তাই আমি মনোনয়ন জমা দেওয়ার জন্য বেছে নিয়েছি এই ৯ তারিখটাই।
নমিনেশন ফাইল করার আগে এদিন রত্না দেবনাথ তৃণমূল কংগ্রেসকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর বক্তব্য, “আমাকে দেখে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। প্রচুর সমর্থন রয়েছে মানুষের আমাদের সঙ্গে। সেই ১৪ তারিখ রাত দখলেও ভয় পেয়ে আরজি করের মূল বিল্ডিংটাই ভেঙে দিলেন অতীন ঘোষের বাহিনী নিয়ে। এটা তো ছিল সাধারণ মানুষের জন্য। আমি আর কিছুই বলবো না বিরোধীদের সম্পর্কে। আমার সাথে সমস্ত মানুষ আছেন।”



By










