দেবজিৎ মুখার্জি, কলকাতা: “মনে হল কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ” রাজ্য বাজেট নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষ। কী বলেছেন তিনি? তাঁর বক্তব্য, যেভাবে রাজ্যের অর্থমন্ত্রী এতবার কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ করেছেন, তাতে তাঁর মনে হয়েছে যে এটি কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ। শুধু তাই নয়, তিনি এই দাবিও করেন যে অন্নপূর্ণা যোজনার যোগ্য প্রাপকদের সংজ্ঞাও স্পষ্ট নয় এবং সন্দেহ রয়েছে যে বহু মহিলা বঞ্চিত হবেন।
সোমবার, ২২ জুন, বিজেপি সরকার পেশ করেছে তাদের প্রথম বাজেট। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করেছে, সেই সবটা তিনি তুলে ধরেছেন। গেরুয়া শিবিরের তরফ থেকে এই বাজেটকে সর্বব্যাপী বাজেটের তকমা দেওয়া হলেও তা মনে করছে না বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের মতে, এই বাজেট জনস্বার্থ বিরোধী।
বেলেঘাটার বিধায়ক, তথা মমতাপন্থী তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা কুনাল ঘোষ বলেছেন, “এতবার অর্থমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের উল্লেখ করলেন, তাতে মনে হল, কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ। অন্নপূর্ণা যোজনার যোগ্য প্রাপকদের সংজ্ঞা স্পষ্ট নয়। সন্দেহ, বঞ্চিত হবেন বহু মহিলা।” তাঁর সংযোজন, “সাগরে সেতু তৈরির ঘোষণা করা ছিল। এখন বিষয়টি বিবেচনা দিন বলছে বিজেপি সরকার।” এর সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, “তবে মমতা ব্যানার্জি বলেছেন, সময় দেওয়া হবে নতুন সরকারকে। থাকবে গঠনমূলক সমালোচনাও।” এবার দেখার বিষয় যে বাজেটে যা ঘোষণা করেছে রাজ্য সরকার, তা পূরণ করার লক্ষ্যে কী পদক্ষেপ নেওয়া হয় তাদের তরফ থেকে।



By










