দেবজিৎ মুখার্জি: “অন্যায় দেখলে তো গর্জে উঠবেই তরুণরা” নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে ‘জেন জি’ বিক্ষোভ সম্পর্কে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কী বক্তব্য তাঁর? তিনি বলেন, কেন্দ্রের তরফ থেকে কোনভাবেই চেষ্টা করা হয়নি প্রতিবাদ রোখার। এই প্রসঙ্গে তিনি নিজের জেএনইউর ছাত্র রাজনীতি জীবনের কথাও তুলে ধরেন। শুধু তাই নয়, কেন ইস্তফা দিতে এত সময় লেগেছে ধর্মেন্দ্র প্রধানের, তাও তুলে ধরেন তিনি।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “অন্যায় দেখলে তো গর্জে উঠবেই তরুণরা।” এরপরই কেন্দ্রের পক্ষ নিয়ে তিনি বলেন, “কখনোই কেন্দ্র ছাত্রদের এই প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করেনি।” নিজের জেএনইউর ছাত্র রাজনীতির অভিজ্ঞতা তুলে তিনি বলেন, “প্রতিটি প্রজন্মের তরুণরাই প্রতিবাদে ফেটে পড়ে ভুল কিছু দেখলে। তারা সঠিক, দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ চায়। এটা স্বাভাবিক। কিন্তু সরকারের দিকটাও দেখতে হবে। সরকার হালকাভাবে নেয়নি বা থামানোর চেষ্টা করেনি এই আন্দোলনকে। আন্দোলন করতে দেওয়া হয়েছিল পড়ুয়াদের। সরকারের ভাষা আরও সহজ হওয়া উচিত তরুণদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে।”
কেন পদত্যাগ করতে এত দেরি করলেন ধর্মেন্দ্র প্রধান, সেই প্রসঙ্গে নির্মলা সীতারমন বলেন, “প্রশ্নফাঁসের খবর সামনে আসার পর অপরাধীদের গ্রেপ্তার করা এবং দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করা ছিল প্রথম কাজ, যাতে একটি গোটা বছর নষ্ট না হয় পড়ুয়াদের।” তাঁর সংযোজন, “শিক্ষামন্ত্রী হিসাবে সেই পুনর্মূল্যায়ন ও পুনরায় পরীক্ষা নেওয়ার কাজই সম্পন্ন করেন ধর্মেন্দ্র এবং ফলপ্রকাশের পরই ইস্তফা দেন। আগেই সরলে তা চরম দায়িত্বজ্ঞানহীন কাজ হত পরীক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি।”


By










