দেবজিৎ মুখার্জি: বিহারের পর এবার অসম! হিমান্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারের তরফ থেকে তুলে নেওয়া হল আরশোলাদের সমর্থনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সমস্ত মামলা। জানা গিয়েছে, সোমবার মাঝরাতে সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় সিজেপি নেতৃত্বের। রাত ১টা নাগাদ সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানান, প্রায় ৩ ঘন্টা ধরে বৈঠক হয়। বিহার এবং অসম সরকারের বিজ্ঞপ্তিও তুলে ধরা হয়েছে এবং মোদি সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তি এনডিএ শাসিত সমস্ত রাজ্যেই জারি করা হবে।
সৌরভ জানান, “সাংবাদিক বৈঠকের পরই সরকারি প্রতিনিধিরা আমাদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ বৈঠকের পর কেন্দ্র সরকার জানায়, শীঘ্রই সরকার বিজ্ঞপ্তি জারি করবে। বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলিও বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ঘোষণা করবে। বিহার এবং অসম সরকারের বিজ্ঞপ্তিও তুলে দেওয়া হয়। সরকার আশ্বাস দিয়েছে, প্রতিবাদীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না। যাদের আটক করা হয়েছে, দ্রুত মুক্তি দেওয়া হবে তাদের।” অবশেষে তিনি বলেন, “আমাদের আশ্বাস দিয়েছে সরকার, আগামীকালের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে সব রাজ্য থেকে।”
প্রসঙ্গত, সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে সিজেপি। সেখানে সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কার অভিযোগ, “কোনও পুলিশি পদক্ষেপ না নেওয়ার যে চুক্তি হয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে , তা লঙ্ঘন হয়েছে। বিহার-বাংলায় একাধিক পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি এবং অন্যান্য রাজ্যেও বহু পড়ুয়াদের হয়রানির শিকার হতে হচ্ছে।” এরপরই বিহার সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে মামলা প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়। এরপর গভীর রাতে একই পথে হাটে অসম সরকার। এবার দেখার বিষয় আগে কী হয়।



By










