দেবজিৎ মুখার্জি: এনডিএর সংসদীয় দলের বৈঠকে এক আলাদা চিত্র। এনসিপিআই সাংসদ, তথা দলের মুখ্যসচেতক, কাকলি ঘোষ দস্তিদারকে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সারিতে নির্ধারিত আসনে। বিষয়টি জনসম্মুখে আসতে তীব্র হইচই করেছে বঙ্গ রাজনীতিতে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে এই বিষয়টিকে ঘিরে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয় এনডিএর সংসদীয় দলের বৈঠক। সেখানে প্রথম সারিতে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা সহ জোটের শীর্ষ নেতৃত্ব। সেই সারিতেই, প্রধানমন্ত্রীর ডানদিকে পঞ্চম আসনে, দেখা যায় কাকলি ঘোষ দস্তিদারকে। রাজনৈতিক মহলের মতে, এটি কেবল প্রোটোকল নয়, বরং ইঙ্গিত দিচ্ছে শাসক জোটের অন্দরে তৃণমূল ছেড়ে আসা সাংসদদের গুরুত্ব বাড়ার।
নির্বাচন কমিশনের তরফ থেকে স্বীকৃত দল হিসেবে অস্তিত্ব রয়েছে এনসিপিআইয়ের। কিন্তু এখনও কাকলি ঘোষ দস্তিদার সহ বাকিদের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি লোকসভায় এনসিপিআই সদস্য হিসেবে। তাঁরা এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়ে গেছেন সংসদের নথিতে। বৈঠকের পর কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, “আমরা আমাদের স্বীকৃতির জন্য প্রয়োজনীয় সব নথিপত্র জমা দিয়েছি স্পিকারের কাছে। আমাদের জোটের অংশ হিসেবেই এনডিএ দেখছে, তাই আমন্ত্রণ জানিয়েছে বৈঠকে। আলোচনা চলছে বসার ব্যবস্থা এবং স্বীকৃতি নিয়ে। আমরা সব চূড়ান্ত হলে জানিয়ে দেব।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর সমগ্র রাজনৈতিক মহলের।



By










