দেবজিৎ মুখার্জি: “বিপক্ষ দলের থেকে শেখা উচিত” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটে পরাজয়ের পর টিম ইন্ডিয়াকে পরামর্শ দলের প্রাক্তন তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সুনীল গাভাস্কারের। কী বক্তব্য তাঁর? সানির মতে, দক্ষিণ আফ্রিকার থেকে ভারত শেখেনি এবং তারা নেমেই প্রতিটা বলে চালাতে শুরু করেছিল। শুধু তাই নয়, তিনি এমনও দাবি করেন যে বিপক্ষ দল যদি ট্রিকি সার্ফেসে ভালো রান করে, তাহলে ইগো সরিয়ে পর্যবেক্ষণ ও অ্যাডজাস্ট করতে হয়।
এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পরাজয়। যেভাবে বড় ব্যবধানে সূর্যকুমার যাদবরা পরাজিত হয়েছেন, তা মেনে নিতে পারছেন না অনেকেই। সকলেই যে ভারতের জয় আশা করেছিলেন, তা বলাই বাহুল্য। কিন্তু হয় তার উল্টোটা। এক কথায় বলতে গেলে, প্রোটিয়াদের বিরুদ্ধে একেবারে হতাশাজনক পারফরমেন্স তুলে ধরা হয়েছে দলের ক্রিকেটারদের তরফ থেকে।
বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সুনীল গাভাস্কারও। তিনি বলেন, “যদি আপনি দেখেন কিভাবে ব্রেভিস আর মিলার দক্ষিণ আফ্রিকার ইনিংস সারিয়াছে, তাহলে দেখবেন তারা ‘ভি’তে বেশি শট খেলেছে। বুদ্ধির সঙ্গে তারা বাউন্সারের মোকাবিলা করেছে কারণ তারা বুঝতে পেরেছিল যে বল তাড়াতাড়ি ব্যাটে আসছিল না। যেভাবে ওরা দুজনে খেলেছে, সেটা দরকার ছিল ভারতের।”
তিনি আরো বলেন, “কিন্তু ভারত সেটা করেনি। ওরা এসেই চালিয়ে খেলার চেষ্টা করেছে সব বলে বাউন্ডারির আশায়। এভাবে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে না। বিপক্ষ দলের থেকে শেখা উচিত। তারা যদি ট্রিকি সার্ফেসে ভালো রান করে, তাহলে ইগো সরিয়ে পর্যবেক্ষণ ও অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু ভারতের ব্যাটিং বিভাগ তা করেনি। তারা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে নেমেছে এবং সব বলেই চালিয়ে খেলার চেষ্টা করেছে এবং আউট হয়েছে। পরিষ্কারভাবে দক্ষিণ আফ্রিকা বুদ্ধির সঙ্গে খেলেছে এবং ভারতকে হারিয়েছে এবং এই জয় ওদের প্রাপ্য।”



By













