দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধর্মতলার অশান্তিতে ধৃত ১৬ জনকেই জামিন দেওয়া হল ব্যাঙ্কশাল আদালতের তরফ থেকে। মঙ্গলবার সকল ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ তাঁদের জেল হেফাজতের আর্জি জানায়। তাতে রাজিও হয় আদালত। তবে কয়েক মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ বদলে যায় পুরো চিত্র। জামিন পেয়ে যান সকলে। বিষয়টিকে ঘিরে জোর শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে গত শুক্রবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখায় সিজেপি ও বাম সংগঠনগুলি। তবে তাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো-জলের বোতল। অন্যদিকে পুলিশও লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সাহায্য নেয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। আক্রান্ত হন বিক্ষোভকারী থেকে শুরু করে পুলিশ ও সাংবাদিক সকলেই। ঘটনায় গ্রেফতার করা হয় ১৬ জনকে।
গত ২৬ জুলাই ধৃতদের আদালতে তোলা হলে বিচারকের তরফ থেকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার তাঁদের ফের তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানে পুলিশের তরফ থেকে ধৃতদের জেল হেফাজতের আর্জি জানানো হয়। তাতে রাজিও হন বিচারক। তবে তার মাঝেই শীর্ষ আদালত দেয় বড় নির্দেশ। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, দ্রুত মুক্তি দিতে হবে ১৮ বছরের নিচে আন্দোলনকারীদের এবং যাঁদের বিরুদ্ধে অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই, তাঁদের।
এখানেই শেষ নয়, কোর্টের তরফ থেকে আরও জানানো হয় যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে সব এফআইআর দায়ের করা হয়েছে, পদক্ষেপ করা যাবে না সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে। এই নির্দেশের পরই ধৃতদের আইনজীবী ফের জামিনের আবেদন জানান। পুলিশ জানায়, অভিযুক্তদের রাখতে চায় না রাজ্য। এরপরই সিদ্ধান্ত পাল্টে জামিন মঞ্জুর করে দেওয়া হয়। ৫০০ টাকার বন্ডে জামিন পান তাঁরা।



By












