• Home
  • দেশ
  • সিজেপিকে এক কোটি টাকা দানের ঘোষণা কপিল সিব্বলের

সিজেপিকে এক কোটি টাকা দানের ঘোষণা কপিল সিব্বলের

Image

দেবজিৎ মুখার্জি: অরাজনৈতিক ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) এক কোটি টাকা দানের ঘোষণা বর্ষিয়ান কংগ্রেস নেতা, তথা আইনজীবী, কপিল সিব্বলের। কী বক্তব্য তাঁর? হাত শিবিরের এই অভিজ্ঞ নেতা জানিয়েছেন, সিজেপির তরফ থেকে একটি তহবিল তৈরি করা হচ্ছে পুরো পরিকাঠামোর জন্য। যেখানে পড়ুয়াদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেখানে তাঁদের আইনজীবীরা তাঁদের পাশে দাঁড়াবেন এবং প্রয়োজনীয় খরচা তহবিল থেকেই করা হবে। 

সোমবার বিকেলে কপিল সিব্বলকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে সিজেপি। সেখানে সংগঠনের মুখপাত্র আশুতোষ রাঙ্কার অভিযোগ, “কোনও পুলিশি পদক্ষেপ না নেওয়ার যে চুক্তি হয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে , তা লঙ্ঘন হয়েছে। বিহার-বাংলায় একাধিক পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি এবং অন্যান্য রাজ্যেও বহু পড়ুয়াদের হয়রানির শিকার হতে হচ্ছে।” এরপরই কংগ্রেসের আইনজীবী নেতা নিজের অবস্থানের পাশাপাশি ঘোষণাটি করেন।

তিনি বলেন, “স্বতঃস্ফূর্ত ছিল পুরো আন্দোলনটা। ছাত্র-যুবরা অসম, বাংলা, বিহার মহারাষ্ট্র বহু জায়গায় পথে নেমেছিল। আমরা চাই তাঁদের বিরুদ্ধে যেন কোনও আইনি ব্যবস্থা না নেওয়া হয়। যেখানে যেখানে পথে নেমেছিল ছাত্ররা, যদি সেখানে কারও বিরুদ্ধে কোনও মামলা হয়, তাহলে তাঁদের পাশে দাঁড়াতে চাই আমরা।” তাঁর সংযোজন, “একটি তহবিল গোটা পরিকাঠামোর জন্য তৈরি করছে সিজেপি। যেখানে যেখানে মামলা হয়েছে পড়ুয়াদের বিরুদ্ধে, সেখানে আমাদের আইনজীবীরা পাশে দাঁড়াবে তাঁদের। যা খরচা হবে, তা করা হবে এই তহবিল থেকেই।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর সমগ্র জাতীয় রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top