দেবজিৎ মুখার্জি: উইন্ডিজ বাঁধা পেরিয়ে সেমিফাইনালে যেতে সফল হয়েছে টিম ইন্ডিয়া। এবার তাদের রাস্তায় দাঁড়িয়ে ইংল্যান্ড, যারা গ্রুপ পর্বে অপরাজিত না থাকলেও সুপার এইট শেষ করেছে অপরাজিতভাবে। তাদের বিরুদ্ধে নামার আগে ‘মেন ইন ব্লু’কে বড় পরামর্শ দিলেন প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। কী বক্তব্য সানির? কিভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যবহার করতে হবে বুমরাহকে, তা তুলে ধরেন সানি।
রাত পোহালেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামবে ভারত ও ইংল্যান্ডে। ম্যাচকে ঘিরে যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে পৌঁছে গিয়েছে, তা না বললেও বোঝা যায়। সকলেই যে এখন বল গড়ানোর অপেক্ষায় রয়েছেন, তা বলাই বাহুল্য। পাশাপাশি, ট্রফিকে পাখিরচোখ করে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করছেন দুই দলের ক্রিকেটাররা। আসল সময় যাতে কোনও সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য সবরকম ভাবে নিজেদের তৈরি করছেন দুই দলের ক্রিকেটাররা।
এই পরিস্থিতিতে বড় ম্যাচের জন্য দলকে বড় পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার। তিনি বলেন, “আমি মনে করি যে বুমরাহকে অন্তত দুটো ওভার পাওয়ারপ্লেতে বল করতে দেওয়া উচিত। কারণ এই ব্যাপারে ও ওস্তাদ।” তাঁর সংযোজন, “বুমরাহ যদি তাড়াতাড়ি জস বাটলার, হ্যারি ব্রুক ও ফিল সল্টের উইকেট তুলে নিতে পারে, তাহলে মেরুদন্ড ভেঙ্গে যাবে ইংল্যান্ডের ব্যাটিংয়ের।”
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছে যে পাওয়ারপ্লেতে মাত্র এক ওভার বল করানো হচ্ছে বুমরাহকে এবং বাঁচিয়ে রাখা হচ্ছে ডেথ ওভারের জন্য। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁকে দুটি ওভার বল করানো হয়। এই ব্যাপারে গাভাস্কার বলেন, “পাঁচ নম্বরে ও বল করতে আসছে। ততক্ষণে অন্য দলের ব্যাটাররা চার ওভার খেলে ফেলেছে। দুই ওপেনারই ৮ থেকে ১০টি বল খেলে ফেলেছে এবং অল্প হলেও সেট হয়ে গেছে। আমার মনে হয় যদি শুরুতেই ওকে দিয়ে বল করানো হয় তাহলে টিম ইন্ডিয়ারই লাভ হবে। বেশ কয়েকজন ব্যাটার আছে ইংল্যান্ডের যারা লাগাতার আইপিএল খেলে। তাদের কোনও সমস্যা হবে না ভারতের আবহাওয়া সঙ্গে মানিয়ে নিতে। তাই আমি মনে করি যে কঠিন হবে লড়াইটা।” এবার দেখার বিষয় যে আগামীকাল কি হয়।



By













