• Home
  • জেলার খবর
  • ধর্মতলায় বিশৃঙ্খলার প্রতিবাদ জানাতে তিরঙ্গা হাতে পথে বিজেপি

ধর্মতলায় বিশৃঙ্খলার প্রতিবাদ জানাতে তিরঙ্গা হাতে পথে বিজেপি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে ধর্মতলায় প্রতিবাদ কর্মসূচি থেকে বিশৃঙ্খলার প্রতিবাদ জানাতে সোমবার পথে নামল বিজেপি। দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকা হাতে কলকাতার রাজপথে নামে গেরুয়া শিবির। তিলোত্তমার দুই প্রান্তে মিছিল করেন দলীয় নেতা-কর্মী-সমর্থকরা – থেকে ধর্মতলা ও গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত। এদিন শাসক শিবিরের প্রতিবাদ ঘিরে এক আলাদা রূপ নেয় গোটা শহর। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে গত শুক্রবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখায় সিজেপি ও বাম সংগঠনগুলি। তবে তাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো-জলের বোতল। অন্যদিকে পুলিশও লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সাহায্য নেয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। আক্রান্ত হন বিক্ষোভকারী থেকে শুরু করে পুলিশ ও সাংবাদিক সকলেই। ঘটনায় ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে।

এই বিশৃঙ্খলার প্রতিবাদ জানাতে এদিন জাতীয় পতাকা হাতে কলকাতার রাজপথে বিজেপি নেতাদের সঙ্গে প্রতিবাদ করতে নামেন দলীয় কর্মী-সমর্থকরা। শিয়ালদহের মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা। তাপস রায়ের দাবি, “আন্দোলনের নামে অরাজকতা, দেশবিরোধী স্লোগান মানা যায় না। হিংসা ছড়িয়েছেন যাঁরা, শাস্তি হবে তাঁদের।”

অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষের বক্তব্য, “যারা হিংসা ছড়িয়েছে, গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা কীভাবে হতে পারেন ছাত্র?” শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ, সিপিএম, কংগ্রেস, তৃণমূল ‘ককরোচ’ সেজেছে। ধৃতদের কড়া শাস্তির দাবিও তোলা হয় এবং পালটা স্লোগানও তোলা হয় প্রধানমন্ত্রীর অসম্মানের। রাজ্যের মন্ত্রী অগ্রিমিত্রা পালের অভিযোগ, “দেশে হিংসা ছড়ানোর চেষ্টা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top