নিউজ ডেস্ক: “আমরা একই মাইন্ডসেট নিয়ে খেলতে নামব” ১৫ তারিখ টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে এমনটাই জানালেন পাক বনাম আমেরিকা ম্যাচের সেরা সাহেবজাদা ফারহান। কী বক্তব্য তাঁর? তিনি জানান যে যেই মাইন্ডসেট নিয়ে আগে দলের ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে খেলেছেন, তা নিয়েই খেলতে নামবেন। শুধু তাই নয়, তিনি এটাও জানান যে দল পজিটিভ থাকার চেষ্টা করবে এবং সকলেই আগ্রাসী ক্রিকেট খেলবেন।
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, কলম্বর সিংহালিস স্পোর্টস ক্লাবে আমেরিকার বিরুদ্ধে খেলতে নামে পাকিস্তান। সেই ম্যাচে তারা ৩২ রানে জয় পায়। যদিও আমেরিকার তরফ থেকেও লড়াই দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে পারেনি। পাকিস্তানের স্পিনারদের সামনে রীতিমতো হাবুডুবু খেতে দেখা যায় তাদের। বিশেষ করে উসমান তারিকের বলের সামনে।
ব্যাট হাতে মারকুটে ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় পাকিস্তানের ওপেনার সাহেবজাদা ফারহানকে। সেখানে একাধিক বিষয়ে জিজ্ঞেস করা হয় তাঁকে। যখন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রসঙ্গ ওঠে, সেই ব্যাপারে তিনি বলেন, “এশিয়া কাপ নিয়ে ভারতের বিরুদ্ধে আগের ম্যাচগুলিতে আমরা যেই মাইন্ডসেট নিয়ে খেলতে নেমেছিলাম, সেই মাইন্ডসেট নিয়েই খেলতে নামব। আমরা পজিটিভ থাকার চেষ্টা করব এবং আগ্রাসী ক্রিকেট খেলব।”
প্রসঙ্গত, এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে তোলেন ৯ উইকেটে ১৯০। সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস আসে সাহেবজাদা ফারহানের ব্যাট থেকে। এছাড়া বাবর আজম করেন ৪৬ এবং শাদাব খান করেন ৩০। আমেরিকার বোলারদের মধ্যে চারটি উইকেট পান শ্যাডলি ভ্যান শালুইক এবং একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন সৌরভ নেত্রাভালকার, মহাম্মদ মহসিন হার্মিৎ সিং। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে আমেরিকা তোলে ৮ উইকেটে ১৫৮। সর্বোচ্চ ৫১ রান করেন শুভম রঞ্জানে। এছাড়া ৪৯ রান করেন শায়ন জাহাঙ্গির। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান উসমান তারিক। এছাড়া দুটি উইকেট তোলেন শাদাব খান এবং একটি করে উইকেট পান আব্রার আহমেদ, মহাম্মদ নওয়াজ এবং শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সাহেবজাদা ফারহানকে।



By













