দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যে সাড়ে ছটার কয়েক মিনিট আগে ডায়মন্ড হারবার সাংসদ সিআইডি দপ্তর থেকে বেরোন এবং সোজা চলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দলীয় বৈঠকে যোগ দিতে।
অষ্টাদশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে তাঁকে ‘ডিজে বাজানো হবে’ বলতে শোনা গিয়েছে। বিষয়টি নিয়ে তখন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তরজাও অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল তাঁর এই মন্তব্যকে ঘিরে। লাগাতার তৃণমূলকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল গেরুয়া শিবিরের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন জনৈক ব্যক্তি। সেই মামলার এখন তদন্ত করছে সিআইডি। সম্প্রতি ডায়মন্ড হারবার সাংসদের বাড়িতে তলবের নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে এসে পৌঁছান।
অবশেষে টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরোন এবং সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন ধরে জেরার পর সোজা তিনি সোজা কালীঘাটে দলনেত্রীর বাড়িতে যাচ্ছেন। এদিনও তার ব্যাতিক্রম হলো না। এবার দেখার যে আগামীদিনে কী হতে চলেছে ডায়মন্ড হারবার সাংসদের সাথে।



By











