ভবানী ভবনে হাজিরা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের সিআইডির তলবে সারা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী হাজিরা দিলেন ডায়মন্ড হারবার সাংসদ। গত কয়েকদিন ধরে যেভাবে লাগাতার জেরা করা হয়েছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে, তাতে বিষয়টি নিয়ে আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে রাজনৈতিক মহলের। সকলেই এখন তাকিয়ে রয়েছে দেখতে বা জানতে যে কী হতে চলেছে এবার তাঁর সাথে।

অষ্টাদশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার উস্কানিমূলক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা থেকে তাঁকে ‘ডিজে বাজানো হবে’ বলতে শোনা গিয়েছে। বিষয়টি নিয়ে তখন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তরজাও অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল তাঁর এই মন্তব্যকে ঘিরে। লাগাতার তৃণমূলকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছিল গেরুয়া শিবিরের। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন জনৈক ব্যক্তি। সেই মামলার এখন তদন্ত করছে সিআইডি। সম্প্রতি ডায়মন্ড হারবার সাংসদের বাড়িতে তলবের নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে এসে পৌঁছান। সূত্র মারফত খবর, এদিন তাঁকে জিজ্ঞেস করা হতে পারে যে কেন তিনি এই ধরনের ভাষণ দিয়েছেন বা এর জেরে আইনি সমস্যায় পড়তে পারেন জেনেও কেন এমনটা বললেন, ইত্যাদি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন সেখান থেকে বেরোন বা বেরিয়ে কি বলেন, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top