দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা হবে বন্ধ চা বাগানগুলি, যার জেরে উন্নতি দেখা যাবে শ্রমিকদের জীবনযাত্রার মানে। এখানেই শেষ নয়, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন তিনি এবং জানান যে তাঁদের দুর্নীতির জেরে ভুগতে হয়েছে অজস্র শ্রমিকদের।
জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “দিনের পর দিন অবহেলা করা হয়েছে উত্তরবঙ্গের চা বাগানগুলিকে। তৃণমূল সরকারের আমলে বহু চা বাগান বন্ধ হয়ে যায় এবং অসংখ্য শ্রমিক পড়েন বিশাল আর্থিক সংকটে দুর্নীতি ও ব্যর্থতার কারণে।” তাঁর সংযোজন, “শ্রমিকরা সরকারি সুবিধা পাননি ২০২১ সালে প্রধানমন্ত্রীর চালু করা ‘পিএম চা-শ্রমিক যোজনা’ কার্যকর না হওয়ার কারণে। এবার উদ্যোগ নেওয়া হয়েছে সেই পরিস্থিতি পাল্টাতে। ৩৩৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজ শীঘ্রই শুরু করা হবে বন্ধ থাকা ২৫টি চা বাগানের জন্য। টি-বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়ে পরিকাঠামোর উন্নতি এবং বাগানগুলিকে নতুন করে তৈরি করার কাজও শুরু হয়েছে।”
গেরুয়া শিবিরকে সমর্থন জানানোর জন্য শুভেন্দু অধিকারী ধন্যবাদ জানান পাহাড়বাসীকে। তিনি বলেন, “আমাদের সরকার শুধু প্রতিশ্রুতি দিতে নয়, বাস্তবে পাহাড়ের উন্নয়ন করতে এসেছে। এক পরিষ্কার রোডম্যাপ তৈরি করা হয়েছে রাস্তা, কর্মসংস্থান, পর্যটন এবং চা শিল্প, সব ক্ষেত্রেই।” পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দেন তিনি। এবার দেখার বিষয় যে শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি কত তাড়াতাড়ি পূরণ করেন।



By











