নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করল শ্রীলংকা। সোমবার তারা পরাজিত করল অস্ট্রেলিয়াকে। তবে শুধু জয় নয়, একেবারে বড়সড় জয় পেয়েছে তারা। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছেন দাসুন শানাকা ও তাঁর বাহিনী। সৌজন্যে বল হাতে হেমন্থা ও চামিরার বিধ্বংসী বোলিং এবং ব্যাট হাতে পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের আগ্রাসী ব্যাটিং। অন্যদিকে অস্ট্রেলিয়া ব্যাট হাতে কিছু করতে পারলেও বল হাতে কিছুই পারেনি।
সোমবার ম্যাচটি খেলা হয় পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় শ্রীলংকা। ২০ ওভারে তারা অলআউট হয়ে যায় ১৮১ রানে। ওপেনিং জুটি ছাড়া কেউই তেমন দাগ কাটতে সফল হননি। মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের ব্যাট থেকে অর্ধশতরানের ইনিংস আসে। শ্রীলংকার বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন হেমন্থা, দুটি চামিরা এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন থিকশানা, ওয়েলালাগে ও কামিন্দু মেন্ডিস।
জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারে দুই উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলংকা। কুশল পেরেরা ১ রান করে আউট হন। কুশল মেন্ডিস আউট হন ৫১ রান করেন। এরপর পাথুম নিসাঙ্কা ও পবন রথনায়াকে মিলে দলকে ফিনিশ লাইন পার করান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দুটি উইকেটই নেন মার্কাস স্টয়নিস। পাথুম নিসাঙ্কা অপরাজিত থাকেন ১০০ রানে এবং রথনায়াকে ২৮ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় পাথুম নিসাঙ্কাকে।
এই জয়ের সুবাদে পরবর্তী রাউন্ডে চলে যায় শ্রীলংকা। অন্যদিকে, অস্ট্রেলিয়া এখনো অবধি পুরোপুরি টুর্নামেন্টের বাইরে না হলেও সেদিকেই তাদের পরিস্থিতি যাচ্ছে। এবার দেখার বিষয় যে শ্রীলংকা-অস্ট্রেলিয়াদের গ্রুপের বাকি ম্যাচগুলিতে কোন দল কেমন পারফর্ম করে। তবে যেই ফর্মে রয়েছে জিম্বাবয়ে, তাতে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে পরবর্তী রাউন্ডে তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখার যে শেষে গিয়ে কোন দল বাজিমাত করে।



By













