দেবজিৎ মুখার্জি: শুক্রবার লাদাখের জোজিলা পাসে ভয়ংকর তুষারধসের জেরে প্রাণ হারিয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন একাধিক ব্যক্তি। শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার পাশাপাশি আটকে বহু পর্যটক। জোরদার উদ্ধারকাজ চললেও খারাপ আবহাওয়ার কারণে লাগাতার ব্যাঘাত ঘটছে। পরিচয় জানার চেষ্টা চলছে মৃতদের। অন্যদিকে আহতদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে।
ঘটনায় শোকপ্রকাশ করে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দুর্ভাগ্যজনক খবর শুনেছি। আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং ত্রাণ ও উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দিয়েছি কারগিলের ডিসি ও এসএসপিকে। উচ্চ সতর্কতায় রাখা হয়েছে দুর্যোগ ত্রাণ বাহিনী ও বিআরও সহ সকল সরকারি সংস্থাকে।”
অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লিখেছেন, “জোজিলা গিরিপথে তুষারধসের জেরে ৭ জনের মৃত্যু এবং ৫ জনের আহত হওয়ার খবরে মর্মাহত আমি। আমার আন্তরিক সমবেদনা শোকস্তব্ধ পরিবারবর্গের প্রতি। যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে আহতদের।”



By














