দেবজিৎ মুখার্জি: বুধবার, ৮ এপ্রিল, ৪৫ বছরে পা দিলেন দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় নায়ক অল্লু অর্জুন। প্রত্যেক বছরের মতো এবারও মাঝরাত থেকে তাঁর বাড়ির বাইরে ভিড় জমাতে শুরু করেন অজস্র অনুরাগীরা। পুলিশি পাহাড়ার ব্যবস্থা থাকলেও একসময়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। রীতিমতো লাঠিচার্জ করতে বাধ্য হয় হায়দ্রাবাদ পুলিশ।
মঙ্গলবার রাত থেকেই অল্লু অর্জুনের জুবিলি হিল্সের বাড়ির বাইরে অনুরাগীরা ভিড় জমাতে শুরু করেন হাতে তাঁর ছবি, ফেস্টুন, তাঁর ছবির চরিত্রের আদলে সেজে হাজির হয়ে। অনেকে আবার বাড়ির সামনে বাজি ফাটাতে শুরু করেন, আবার অনেকে পুজোপাঠ শুরু করেন।
প্রথম থেকেই পুলিশকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। তাঁদের তরফ থেকে চেষ্টা করা হয় লাগাতার মুখে বলে ভিড় নিয়ন্ত্রণ করার। কিন্তু হঠাৎ চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। পেছন থেকে লোকজন ঠেলে প্রায় বাড়ির অন্দরে প্রবেশ করার চেষ্টা করেন। তখন পুলিশ লাঠি উঁচু করে ছাত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে কোনও হতাহতের খবর মেলেনি। প্রসঙ্গত, জন্মদিনেই প্রকাশ্যে এসেছে তাঁর আসন্ন ছবি ‘রাকা’র প্রথম ঝলক। ন্যাড়া মাথা, রাগী মুখে দেখা গিয়েছে তাঁকে তাতে। অ্যাটলি পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোন তাঁর বিপরীতে রয়েছেন।



By










