দেবজিৎ মুখার্জি: সোমবারের পর মঙ্গলবার আবারো রণক্ষেত্রের চেহারা নিল রাজধানী দিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনায় বসা হয় হাত শিবির, ওরফে কংগ্রেসের তরফ থেকে। তাতে দিল্লি পুলিশ আটক করেন সোনিয়া গান্ধীর দুই সন্তান, তথা কংগ্রেসের অন্যতম দুই প্রভাবশালী সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও আটক করা হয়েছে দলের একাধিক নেতা-কর্মীকে। পাশাপাশি গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সমাজবাদী পার্টির সাংসদ, অখিলেশ যাদবকে।
মঙ্গলবার দুপুরে দলীয় নেতা-কর্মীরা জড়ো হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনের সামনে। সেখান থেকে মিছিল শুরু হয় ৭, লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে। সেখানে যোগ দেন সপা প্রধান অখিলেশ যাদবও। এরপরই নামোর বাসভবনের বাইরে মজবুত করা হয় নিরাপত্তা এবং মোতায়েন করা হয় অজস্র পুলিশ। শুধু তাই নয়, র্যাফ পর্যন্ত নামানো হয়। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ইস্তফা দিতে হবে মোদি-শাহকে। তোলা হয় স্লোগানও। ঘটনাস্থলে গিয়ে রাগার সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। কিন্তু তিনি আশ্বাস দেওয়া সত্ত্বেও মোদির বাসভবনের বাইরে সারারাত ধরনার সিদ্ধান্ত নেওয়া হয় হাত শিবিরের তরফ থেকে।
এরপরই আন্দোলনকারীদের সরাতে উঠেপড়ে লাগে দিল্লি পুলিশ। কার্যত ধস্তাধস্তি লেগে যায় দু’পক্ষের মধ্যে। পুলিশ ভ্যানে তোলা হয় রাহুল, অখিলেশ, প্রিয়াঙ্কা সহ আরো অনেককে। জিতেন্দ্রর অভিযোগ, লাগাতার নিজেদের দাবি পাল্টাচ্ছে কংগ্রেস। তিনি বলেন, “রাহুল আমাকে আশ্বাস দিয়েছিলেন, সরকার যদি নিট সহ নানা পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয় নিয়ে সংসদে আলোচনায় রাজি হয়, তাহলে কংগ্রেস বিক্ষোভ তুলে করে নেবে। কিন্তু সেই কথা তিনি রাখেননি।” তিনি আরও বলেন, “আমরা দাবি মেনে নিয়েছিলাম রাহুলের, কিন্তু তিনি ফের নতুন দাবি করেন। বলেন, ইস্তফা দিতে হবে শিক্ষামন্ত্রীকে। দাবি বদল নিয়ে রাহুলকে বলা হলে, তিনি উত্তর দেন, এখন বদলে গিয়েছে দাবি।” প্রসঙ্গত, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের ছাড়া হয়েছে কিনা জানা যায়নি।
এক বিজেপি সূত্রের দাবি, ‘ককরোচ’দের নিয়ে আসলে চিন্তিত নন রাহুল, তা পুরোপুরি রাজনৈতিক কৌশল। সেই কারণেই তিনি বারংবার দাবি পাল্টাচ্ছেন। অন্যদিকে, আপ নেতা সোমনাথ ভারতীর বক্তব্য, “গোটা বিষয়টিকে রাহুল দুর্বল করার চেষ্টা করছেন। তিনি আসলে চাপে রয়েছেন বিজেপির। যদি ছাত্র-যুবদের তিনি সমর্থন করতে চান, তাহলে যন্তর মন্তরে যাওয়া উচিত তাঁর।”



By










