• Home
  • খেলা
  • চাপের মুখে দারুন ব্যাটিং ব্রুকের, পাকিস্তানকে বধ করে সেমিতে ইংল্যান্ডের

চাপের মুখে দারুন ব্যাটিং ব্রুকের, পাকিস্তানকে বধ করে সেমিতে ইংল্যান্ডের

Image

নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল হ্যারি ব্রুক নেতৃত্বাধীন ইংল্যান্ড। মঙ্গলবার তারা পাকিস্তানকে পরাজিত  করেছে। যদিও এই জয় একেবারেই সহজ ছিল না তাদের জন্য। দুই উইকেটে ম্যাচ জেতে তারা। প্রথমদিকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল তাদের। পরে হ্যারি ব্রুকের দুর্দান্ত শতরানের ইনিংস ইংল্যান্ডের জন্য জয়ের রাস্তা তৈরি করে দেয়। শেষের দিকে উইকেট পড়তে থাকে। তবে অবশেষে তারা ফিনিশ লাইন পার করতে সফল হয়। এদিন পাকিস্তানও বেশ লড়াই দিয়েছে ইংল্যান্ডকে।

মঙ্গলবার ম্যাচটি খেলা হয় শ্রীলংকার পালেকেলের পালেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা। তবে শুরুটা তাদের খুব একটা ভালো হয়নি। চার ওভারের মধ্যে দুটি উইকেট হারায় তারা। পরে পরপর দুটি পার্টনারশিপ হলেও এরপর থেকে দ্রুত উইকেট পড়তে শুরু করে। অবশেষে নির্ধারিত ২০ ওভারে তারা করে ৯ উইকেটে ১৬৪। সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস আসে সাহেবজাদা ফারহানের ব্যাট থেকে। এছাড়া ব্যাট হাতে কেউ তেমন দাগ কাটতে সফল হননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন লিয়াম ডসন। এছাড়া দুটি করে উইকেট পান জোফরা আর্চার ও জ্যামি ওভার্টন এবং একটি আদিল রাশিদ।

জবাবে রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। ৮ ওভারের মধ্যেই ৪টি উইকেট হারায় তারা। এরপর অবশ্য পরপর দুটি পার্টনারশিপ গড়া হয়। শতরানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অধিনায়ক হ্যারি ব্রুক। ৫১ বলে ১০০ রান করে তিনি আউট হন। এরপর আবার দ্রুত দুটি উইকেট পড়ে যায়। অবশেষে অন্তিম ওভারে প্রথম বলে চার মেরে আর্চার দলকে ফিনিশ লাইন পার করান। দুই উইকেটে ম্যাচ নিজেদের নামে করে ইংল্যান্ড। পাকিস্তানের বোলারদের মধ্যে চারটি উইকেট তোলেন শাহীন আফ্রিদি, দুটি মহাম্মদ নাওয়াজ এবং দুটি উসমান তারিক। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হ্যারি ব্রুককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top