• Home
  • দেশ
  • বিরোধীদের বিক্ষোভের মাঝে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল

বিরোধীদের বিক্ষোভের মাঝে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল

Image

দেবজিৎ মুখার্জি: বিরোধী সাংসদদের বিক্ষোভের মাঝেই লোকসভায় পেশ করা হলো ‘প্রশ্নফাঁস বিরোধী বিল’, তথা প্রশ্নপত্র লিক বিরোধী বিল। সোমবার বিলটি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং পেশ করার পর আওয়াজ তুলতে শুরু করেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, সরকার লোক দেখানোর জন্য বিলটি পেশ করেছে। শুধু তাই নয়, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা আওয়াজ তোলেন পড়ুয়াদের উপর লাঠিচার্জ ও প্যালট গান ব্যবহার নিয়েও। তাঁদের দাবি, এর জন্য জবাবদিহি করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বিরোধীদের এই বিক্ষোভের ফলে সংসদের দুই কক্ষ মুলতবি হয়ে যায় দুপুর দুটো পর্যন্ত। 

এদিন বিল পেশ করার আগে বিরোধীদের উদ্দেশে বার্তা দেন কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। তাঁর বক্তব্য, “এই বিলটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তাই এই বিল পাশ করা আমাদের অগ্রাধিকার। এখন ঠিক নয় অন্য কোনও বিষয়ে আলোচনা।” বিলটি পাশ করানোর ক্ষেত্রে তিনি সহযোগিতা চান বিরোধীদের। তবে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, “এই সরকার আসলে লোক দেখাতে প্রশ্নফাঁস বিরোধী বিল আনছে। আমরা ইতিমধ্যেই দেখেছি কীভাবে এই কেলেঙ্কারিতে এক অভিযুক্ত মুক্তি পেয়েছে পর্যাপ্ত প্রমাণের অভাবে। অভিযুক্তদের রক্ষা করতে যদি এই সরকার তৎপর হয়, তবে লাভ কী ফাস্ট-ট্র্যাক সংশোধনী বিলে? এরা এখনও সফল শিক্ষামন্ত্রী বলে মনে করে ধর্মেন্দ্র প্রধানকে।”

এখানেই শেষ নয়, এদিন বিরোধীরা এই দাবিও করেন যে ২০ জুলাই পুলিশ যেভাবে নিন্দনীয় হামলা চালিয়েছে ছাত্রদের আন্দোলনে, তার জবাব দিতে হবে কেন্দ্রকে। হাত শিবিরের অন্যতম বর্ষিয়ান নেতা পবন খেরা বলেন, “আন্দোলনে পুলিশ মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। কারা সাদা পোশাকে ছাত্রদের মারল? ওরা কি আরএসএসের গুন্ডা? এর জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতেই হবে। দিল্লির বুকে কীভাবে পুলিশ পড়ুয়াদের উপর প্যালেট গান চালায়?” প্রিয়াঙ্কা গান্ধীও প্রশ্ন তোলেন, “পড়ুয়ারা কি সন্ত্রাসবাদী যে তাদের উপর প্যালেট গান ব্যবহার করছে পুলিশ? আমরা থামব না যতক্ষণ না পর্যন্ত এর জবাব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top