দেবজিৎ মুখার্জি: নিট বিক্ষোভকারী মামলায় বড় নির্দেশ দেওয়া হল শীর্ষ আদালতের তরফ থেকে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত মুক্তি দিতে হবে ১৮ বছরের নিচে আন্দোলনকারীদের এবং যাঁদের বিরুদ্ধে অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড নেই, তাঁদের। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও জানানো হয়েছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে সব এফআইআর দায়ের করা হয়েছে, পদক্ষেপ করা যাবে না সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে।
গত ২০ জুন সংসদ অভিযানে পুলিশের লাঠিচার্জ, বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীদের গ্রেপ্তার সহ নানা ইস্যুতে শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা। মঙ্গলবার একাধিক মামলা একত্রিত করে শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। এরপর দেওয়া হয় অন্তর্বর্তী রায়। তিন সদস্যের বেঞ্চ নাবালকদের এবং অতীতে ক্রিমিনাল রেকর্ড না থাকা ধৃতদের শীঘ্র মুক্তির কথা জানিয়েছে এবং এই প্রসঙ্গে কেন্দ্রকে দেওয়া হয়েছে নোটিস। পাশাপশি নোটিস দেওয়া হয়েছে মহারাষ্ট্র, বিহার, অসম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারকেও।
প্রধান বিচারপতির বক্তব্য, “গোটা ঘটনায় স্বাধীন তদন্ত হওয়া দরকার। যারা বাড়াবাড়ি করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে, ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।” তাঁর নির্দেশ, প্রকাশ্যে আনা যাবে না প্রতিবাদীদের ব্যক্তিগত তথ্য এবং ঘটনার সব ভিডিও এবং অন্যান্য ফুটেজও সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শীর্ষ আদালত এও জানিয়েছে যে নতুন নীতি ঠিক করা প্রয়োজন আন্দোলনের মোকাবিলা করতে। প্রধান বিচারপতি বলেন, “সমস্ত প্রতিবাদই গণতন্ত্রের অংশ। সেখানে কী ধরনের কাঁদানে গ্যাস বা অন্য কী প্রতিরোধমূলক ব্যবস্থার অনুমতি দেওয়া উচিত, তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”



By










