দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানাতে বিক্ষোভে নেমেছিলেন যে সমস্ত পড়ুয়ারা, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শীঘ্রই তুলে নেওয়া হবে। সোমবার এমনটাই জানানো হয়েছে বিহার সরকারের তরফ থেকে। শুধু তাই নয়, এই ঘোষণাও করা হয়েছে যে যাঁদের আটকে রাখা হয়েছে, তাঁদেরও মুক্তি দেওয়া হবে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়েছে জাতীয় রাজনৈতিক মহলে।
এদিন সন্ধ্যায় বিহার সরকার এক বিবৃতি জারি করে বলে, “সরকার ২৬ তারিখ সন্ধ্যা ৬টার আগে বিক্ষোভে অংশ নেওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করবে না।” পুলিশের দেওয়া তথ্যানুসারে, মোট ৬৯৪ জনকে বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বন্ধে আটক করা হয়েছে, যাঁর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে ৩৩৯ জন নাবালককে এবং এরপর নির্দিষ্ট ধারায় বাকি ৩৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিহার সরকার পরিষ্কার করে দিয়েছে, প্রত্যাহার করে নেওয়া হবে বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় এফআইআর, ফৌজদারি মামলা এবং কারণ দর্শানোর নোটিশ এবং তা দ্রুতই শুরু হবে।
প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফ থেকে বারংবার দাবি জানানো হয়েছে, কোনও প্রতিবাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে না, যা আগেই মেনে নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সেই অনুযায়ী এবার বিহার সরকারও প্রতিবাদীদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে এই সংক্রান্ত আর কী ঘটে, তার দিকে তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।



By










