দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু শেষ মুহূর্তে তা হল বাতিল। জানা যায়, এর নেপথ্যে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব। তাই স্থগিত রাখা হয়েছে নির্ধারিত বৈঠক। কিন্ত নতুন করে এই বৈঠক কবে হবে, সেই বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি আনুষ্ঠানিকভাবে।
প্রসঙ্গত, এই বৈঠক প্রসঙ্গে দলের সাংসদ শতাব্দী রায়ের তরফ থেকে বলা হয়েছিল, “মঙ্গলবার ১টার সময় বৈঠক আছে বঙ্গভবনে। আমাদের সকল সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানতে চাওয়া হবে, আমাদের কারও কিছু বলার আছে কিনা। যা বলা যেত না এতদিন, সেগুলো বলতে পারব হয়তো।” দলবদল নিয়ে তিনি বলেছিলেন, “নিয়ম মেনেই আমরা করেছি। মনে হয় না নিয়মের বাইরে গিয়ে কিছু হয়েছে। আমার মনে হয় একটা কাগজ আসবে নির্বাচন কমিশনের তরফ থেকে। স্পিকারের তরফ থেকে সব শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। মনে হয় ওই কাগজের জন্য অপেক্ষা করছে।”
উল্লেখ্য, তৃণমূল ছাড়ার পরপরই ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজেদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছিল তাঁদের তরফ থেকে এবং লোকসভায় তাঁদের আসন দেওয়া হোক শরিকদলের পাশে যেহেতু তাঁরা এনডিএর শরিক হতে চান। গত ১৯ জুলাই, বাদল অধিবেশন শুরুর ঠিক আগেরদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এনসিপিআইকে চিঠি লিখে সর্বদল বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাতে যোগও দিয়েছিলেন তাঁরা। এবার দেখার আগে কী হয়।



By










