নিউজ ডেস্ক: আয়ারল্যান্ড সিরিজের শুরুটা একেবারেই ভালো হলো না শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচেই পরাজয়ের মুখ দেখল তারা। তবে পরাজয় ছাড়াও আলোচনার বিষয় ১৫ বছরের বৈভব সূর্যবংশীকে না খেলানো। অনেকেই এই সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকে তা করেননি। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে প্লেয়িং একাদশে সুযোগ দেওয়া উচিত ছিল বৈভবকে। তবে কেন এমন সিদ্ধান্ত, ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানান শ্রেয়াস।
তিনি বলেন, “বৈভব খুব প্রতিভাবান ক্রিকেটার। উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে ওর সামনে। কিন্তু আমাদের দলে এমন অনেক ক্রিকেটার রয়েছে, যারা ধারাবাহিক ভালো খেলছে দীর্ঘদিন ধরে। তারা সাম্প্রতিক সিরিজগুলোতেও নিজেদের প্রমাণ করেছে। শুধুমাত্র নতুন কাউকে সুযোগ দেওয়ার জন্য বাদ দেওয়া যায় না তাঁদের।” তাঁর সংযোজন, “এই মুহূর্তে আমরা পরিকল্পনা করছি তিনজন বিশেষজ্ঞ পেসার, একজন অলরাউন্ডার ও দুজন স্পিনার নিয়ে দল সাজানোর। প্রথম একাদশ সেই হিসেবেই নির্বাচন করা হয়েছে। বৈভবের সুযোগ অবশ্যই আসবে। তবে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে তার জন্য।”
পাশাপাশি শ্রেয়াস এটাও বুঝিয়ে দেন যে তরুণ ক্রিকেটারদের জন্য আসান নয় জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াই। তাঁর মতে, সম্ভব নয় দীর্ঘদিন ধরে ভালো খেলা ক্রিকেটারদের সরিয়ে আচমকা কাউকে জায়গা দেওয়া। প্রতিযোগিতা থাকবেই এবং জায়গা করে নিতে হবে সেই লড়াই পেরিয়েই। প্রসঙ্গত, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং অন্তিম টি-টোয়েন্টি ম্যাচটি রয়েছে রবিবার, ২৮ জুন। এবার দেখার বিষয় যে শেষ ম্যাচটি জিতে সিরিজে পরাজয় এড়াতে সফল হয় কিনা ভারত।



By














