দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ফের বিতর্কিত মন্তব্য করলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, তথা দলের বিধায়ক, হুমায়ুন কবীর। কী বললেন তিনি? প্রকাশ্য মঞ্চ থেকে তিনি মারধরের হুমকি দিলেন গেরুয়া শিবিরকে। তাঁর বক্তব্য, বিজেপি নেতারা অতিরিক্ত বাড়াবাড়ি করলে তিনি মুসলিমদের জড়ো করে বেধড়ক মারধর দেবেন তাঁদের। এখানেই শেষ নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে তিনি কেসের পরোয়া করেন না।
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি এবং এর সঙ্গে গড়েছে ইতিহাসও। দুটি আসন থেকে লড়ে জয় পেয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু তিনি নন, দুটি আসন থেকে লড়ে জয় পেয়েছেন হুমায়ুন কবীরও, যার জেরে প্রথমবার ভোটের ময়দানে নেমে খাতা খুলতে সফল হয়েছে তাঁর দল আমজনতা উন্নয়ন পার্টি। বিষয়টি রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
তবে তা সত্ত্বেও থামেনি হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য করা। শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকায় এক জনসভা থেকে তিনি অভিযোগ তোলেন যে মুর্শিদাবাদে পরাজিত হয়েও একাধিক বিজেপি নেতা বিধায়কদের মতো আচরণ করছেন। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আস্ফালনটা একটু কমান মুর্শিদাবাদে। নইলে আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব, রাস্তা থাকবে না পালানোর। কেস দেবেন? আমাদের ওরকম কেস অনেক আছে।”
এখানেই শেষ নয়, হুমায়ুন কবির আরও বলেন, “যদি বেশি পাঙ্গা নিতে যায় আমাদের সঙ্গে, যেদিন আমার মাথা গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার এসব কিছু বুঝব না। আমরা বিরোধিতা করতে চাই না রাজশক্তির, সম্মান দিতে চাই। কিন্তু এখানে হেরেও যদি ঝামেলা বাঁধানোর চেষ্টা করে ওরা, তাহলে ছাড়ব না। নিজেই নেতৃত্ব দেব আমি।” হুমায়ুনের এমন বিস্ফোরক মন্তব্য জনসম্মুখে আসতেই বিশাল হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। শুরু হয়েছে জোর বিতর্কও।



By









