দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হামলার শিকার হতে হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। আহত ও নিহত হয়েছেন অনেকে। এই আবহে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে মনোবল অটুট রাখার ও ঐক্যবদ্ধ হয়ে থাকার পরামর্শ দেন। পাশাপাশি, যাঁরা হুমকি, হিংসা বা ভীতি প্রদর্শনের শিকার হয়েছেন, তাঁদের বিস্তারিত তথ্য তাঁর সঙ্গে শেয়ার করতে বলেন।
সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ফল বেরিয়েছে ২৯৩টি আসনের। ২০০র বেশি আসন পেয়ে জয় পাওয়ার পাশাপাশি ইতিহাস গড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে, প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস ১০০র কম আসন পেয়েছে। খাতা খুলেছে বাম, কংগ্রেস, আইএসএফ ও হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও।
এরপরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে হিংসার চিত্র। বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে গেরুয়া শিবিরের দিকে। যদিও ঘাসফুল শিবিরের তোলা অভিযোগে গুরুত্ব দেয়নি বিজেপি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হিংসার একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং তীব্র নিন্দা করা হয়েছে। বিষয়টি নিয়ে এই মুহূর্তে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।
এই আবহে শনিবার, নয়া বিজেপি সরকারের শপথগ্রহণের দিন, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে তিনি লেখেন, “তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী ও সমর্থককে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই কঠিন সময়ে মনোবল অটুট রাখুন এবং ঐক্যবদ্ধ থাকুন। যদি কেউ স্বীকার হয়ে থাকেন হিংসা, ভীতি প্রদর্শন বা হুমকির, তাহলে আমার সঙ্গে শেয়ার করুন আপনাদের বিস্তারিত তথ্য অথবা সরাসরি আমাকে মেসেজ করুন।” এছাড়া কেমন হবে বিরোধী দলের ভূমিকা, তাও জানান অভিষেক। তিনি বার্তা দেন একজোট হয়ে বিরোধী দল হিসেবে লড়াইয়ের। এবার দেখার বিষয় যে বিরোধী দল হিসেবে আগামীদিনে কোন পথে হাঁটে ঘাসফুল শিবির।



By










