দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: ফের বঙ্গ বিজেপিতে ভাঙ্গন। তাদের হাত ছেড়ে আবার শাসক শিবিরে যোগ দিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক, তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা, দীপেন্দু বিশ্বাস। এছাড়া ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন আরো অনেকে। কী কারণে ফের শাসকদলের পতাকা ধরা? সেই ব্যাপারে তিনি জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বসিরহাটে উন্নয়ন দেখেই তাঁর তৃণমূল কংগ্রেসের কামব্যাক।
জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে দলের তরফ থেকে টিকিট পর্যন্ত দেওয়া হয় এবং বসিরহাট দক্ষিণ থেকে তিনি জয়ও পান। তবে গত বিধানসভা নির্বাচনে তাঁকে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি। সেই কারণেই তিনি ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন।
তবে তাতেও সুবিধা করতে পারেননি দীপেন্দু। বঙ্গ বিজেপির তরফ থেকেও মেলেনি টিকিট। কিন্তু তাঁকে স্থায়ী সদস্য করা হয়েছিল দলের রাজ্য কমিটির। কিন্তু তারপরও কিছু মাসের মধ্যে তিনি গেরুয়া শিবির ছাড়েন। নিজের পদত্যাগপত্র দিয়ে দিয়েছিলেন। এবার ফের তিনি ফিরে এলেন শাসক শিবিরে। প্রাক্তন তারকা দলে ফেরা নিয়ে নিজের অবস্থান জানান। কী কারণে ফিরে আসা, তাও তুলে ধরেন।
দীপেন্দু বিশ্বাস বলেন, “অনেক লড়াই করে ফুটবলার দীপেন্দু হয়েছি। তাই লড়াই আমার সর্বদা সঙ্গী।” কেন তৃণমূলে প্রত্যাবর্তন? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যেভাবে বসিরহাটে উন্নয়ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গী হতেই তৃণমূল কংগ্রেসে ফিরে আসা।” আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা, সেই প্রশ্ন উঠলে তিনি জবাবে বলেন, “যে দায়িত্ব দলের তরফ থেকে আমায় দেওয়া হবে, আমি তা পালন করব।” এবার দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস এবারের ভোটে টিকিট দেয় কিনা দীপেন্দু বিশ্বাসকে। দিলেও তিনি জয় পান কিনা, তাও দেখার বিষয়। সেক্ষেত্রে আগামীদিনে কি হয়, তার উপর নজর রয়েছে রাজনৈতিক মহলের।



By










