• Home
  • জেলার খবর
  • গ্রেফতার নির্মল পুত্র তীর্থঙ্কর, শিকার হলেন ডিম হামলার

গ্রেফতার নির্মল পুত্র তীর্থঙ্কর, শিকার হলেন ডিম হামলার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: অব্যাহত তৃণমূল নেতাদের গ্রেপ্তারি। এবার গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। এদিন ভোরে তাঁকে খড়দাহ থানার পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। চলতি বছরে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দু’মাস পর তিনি গ্রেফতার হন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। শুধু তাই নয় হাজারো প্রশ্নও উঠতে শুরু করেছে। 

তীর্থঙ্কর ঘোষের গ্রেপ্তারিকে ঘিরে খুশির হাওয়া বইছে পানিহাটির বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। শুধু তাই নয়, তৃণমূলের প্রাক্তন বিধায়কের পুত্রকেও ডিম হামলার সম্মুখীন হতে হয়। খড়দহ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ে তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পাশাপাশি স্লোগানও তোলেন বিজেপি কর্মীরা। যদিও পুলিশ কোনভাবে তাঁকে সেই পরিস্থিতি থেকে কাটিয়ে নিয়ে গিয়ে গাড়িতে তোলে। 

প্রসঙ্গত, তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে ২১এর ভোট-পরবর্তী হিংসায় উসকানি ও লটারিজয়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। যদিও লটারি মামলায় তাঁর পিতা, অর্থাৎ প্রাক্তন তৃণমূল বিধায়ক, নির্মল ঘোষের নামও উঠেছিল। পুলিশ এই মামলায় তাঁদের খোঁজ করতে শুরু করায় তাঁরা গা ঢাকা দেন। কিন্তু সোমবার গ্রেফতার হন তীর্থঙ্কর ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে, শনিবার ঋতব্রত তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষের যোগদানকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। এই গুঞ্জনও উঠতে শুরু করেছিল যে গ্রেফতারি থেকে বাঁচতেই ঋতব্রতদের আশ্রয় নিতে চান প্রাক্তন বিধায়ক। যদিও রবিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন যে তাঁকে নেওয়া হবে না শিবিরে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top