দেবজিৎ মুখার্জি: মঙ্গলবার গভীর রাতে সমাজকর্মী-গবেষক সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে মেদান্ত হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সূত্র মারফত খবর, দুজনেই খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন ডাক্তারদের সঙ্গে। জানা যাচ্ছে, সোনমের সঙ্গেও কথা হয়েছে দুই কেন্দ্রীয় নেতার। যদিও কী বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে আনা হয়নি আনুষ্ঠানিকভাবে। ঘটনাকে ঘিরে জোর শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম আলোচনার বিষয় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে লাদাখের সমাজকর্মী-গবেষক সোনম ওয়াংচুকের অনশন। তাঁর এই কর্মসূচি রীতিমতো হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। কেন্দ্রের দিকে লাগাতার কটাক্ষের তীর ধেয়ে আসছিল বিরোধীদের তরফ থেকে। যদিও মোদি সরকারের তরফ থেকেও একাধিকবার তাদের পাল্টা দেওয়া হয়েছে।
ঘটনার জল গড়ায় আইনের দরবার পর্যন্ত। কোর্টের তরফ থেকে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয় সোনম ওয়াংচুকের অনশন ভাঙার। সেই মতো যন্তর মন্তরে গিয়ে দিল্লি পুলিশ তাঁকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করান সফদারজং হাসপাতালে। তবে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো আদালতের দ্বারস্থ হন এবং কোর্ট নির্দেশ দেয় তাঁকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করার। মেদান্ততে স্থানান্তরিত করার পর সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা এরপর আর কী কী ঘটে, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র জাতীয় রাজনৈতিক মহল।



By










