• Home
  • দেশ
  • “নানা দুর্নীতি ও আর্থিক অনিয়ম হয়েছে” বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

“নানা দুর্নীতি ও আর্থিক অনিয়ম হয়েছে” বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি: ফের কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হলো হাত শিবির, ওরফে কংগ্রেসের তরফ থেকে। এবার তাদের কী অভিযোগ? দলের তরফ থেকে দাবি করা হয়েছে, ২০১৪ সালে ‘না খাব, না খেতে দেব’ স্লোগান দেওয়া হলেও বাস্তবে নানা দুর্নীতি, আর্থিক অনিয়ম ও স্বজনপোষণের অভিযোগ সামনে এসেছে গেরুয়া শিবিরের আমলে। এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে সরবও হন দলের অন্যতম বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ।

কংগ্রেস নেতার অভিযোগ, “অযোধ্যার রামমন্দিরে প্রণামির টাকা তছরুপ, অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, নির্বাচিত প্রতিনিধিদের ভাঙাতে টাকার প্রলোভন, কেন্দ্রীয় মন্ত্রীর ভর্তুকি নেওয়া, পরিবেশ মন্ত্রকের ঘটনাপ্রবাহ, ই-২০ নীতি এবং দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারের প্রশাসনিক ভূমিকা — সব মিলিয়ে মোদী সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।” এছাড়াও জয়রাম রমেশ প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আমলে পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতিরও। তাঁর সংযোজন, “মোদী সরকার ‘ন্যূনতম শাসন, সর্বাধিক ধামাচাপা’র পথে হাঁটছে।” যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পদ্ম শিবিরের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গেরুয়া শিবিরকে লাগাতার আক্রমণ করে চলেছে কংগ্রেস। দলের অন্যতম প্রভাবশালী নেতা, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী লাগাতার নানা ইস্যুতে তোপ দেগে চলেছেন পদ্ম শিবিরকে। একাধিকবার দলের তরফ থেকে বড় কর্মসূচিও নেওয়া হয়েছে মোদি সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে। এবার দেখার বিষয় যে এই লড়াইয়ের জল কতদূর গড়ায়। আগামীদিনে কি হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র জাতীয় রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top