নিউজ ডেস্ক: কলম্বিয়ার দাপুটে ফুটবলে দাগ টানলো সুইজারল্যান্ড। ‘রাউন্ড অফ ১৬’ থেকে তাদের বাইরের দরজা দেখিয়ে দিল তারা। যদিও সুইজারল্যান্ডই তুলনামূলকভাবে বেশি আগ্রাসী ফুটবল খেলেছে। অন্যদিকে কলম্বিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ডিফেন্সিভ ফুটবল খেলে গিয়েছিল। ‘পেনাল্টি শুটআউট’ অবধি গড়ায় ম্যাচ এবং সেখানে ৪-৩ স্কোরলাইনে ম্যাচ নিজেদের নামে করে সুইস বাহিনী এবং এর সঙ্গে টিকিট পাকা করে নেয় কোয়ার্টার ফাইনালের।
ম্যাচটি খেলা হয় বিসি প্লেস ভ্যাঙ্কুভারে। প্রথম মিনিট থেকেই ছোট ছোট পাস দিয়ে কলম্বিয়ার ডিফেন্স ভেঙ্গে গোল করার চেষ্টা করে সুইজারল্যান্ড। তবে কলম্বিয়ার রক্ষণভাগ ও গোলরক্ষক তা হতে দেয়নি। একাধিকবার সুইজারল্যান্ড কাছাকাছি পর্যন্ত গিয়েছিল। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। কলম্বিয়ার তরফ থেকেও একাধিকবার চেষ্টা করা হয় সুইজারল্যান্ডের রক্ষণভাগ ভেদ করে ম্যাচে লিড নেওয়ার। তবে তারাও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। বেশ কয়েকবার তারাও কাছাকাছি গিয়েছিল। কিন্তু সুইজারল্যান্ডের জালে বল জড়াতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা যায়। আক্রমণের পর আক্রমণ করতে থাকে সুইজারল্যান্ড। অন্যদিকে ডিফেন্সের উপর ভর করে এক্সট্রা টাইম অবধি ম্যাচ নিয়ে যায় কলম্বিয়া। সেখানেও দুই দল শেষ করে গোলশূন্যভাবে। অবশেষে ‘পেনাল্টি শুটআউট’এ যায় ম্যাচ এবং তাতে ৪-৩ গোলে জিতে ট্রফি জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যায় সুইজারল্যান্ড। প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ মেসিরা, অর্থাৎ আর্জেন্টিনা। সেক্ষেত্রে দেখার বিষয় যে বিশ্বজয়ী দলের বিরুদ্ধেও একই ধাঁচের ফুটবল তুলে ধরতে পারে কিনা তারা।



By














