দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার কালীঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিলে বিজেপি কর্মীদের হামলার তীব্র নিন্দা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে তিনি ঘটনাটি নিয়ে ক্ষোভ উগরে দেন। পুলিশের ভূমিকার নিন্দা করার পাশাপাশি কী ঘটেছে তা তুলে ধরেন। এখানেই শেষ নয়, রাজ্যে গেরুয়া শিবির ক্ষমতায় আসার পর মহিলাদের উপর অন্যায়ের কথাও তুলে ধরেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের। তাঁরা অত্যাচার করছে আমাদের উপর।” তাঁর সংযোজন, “বাইক মিছিল যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে। হুমকি দেওয়া হচ্ছে আমাকে।” পুলিশের ভূমিকার নিন্দা করে তিনি বলেন, তাদের মদতেই মিছিলে হামলা চালানো হয়েছে বিজেপির লোকেদের তরফ থেকে। তিনি বলেন, “আমরা হাই কোর্টের নির্দেশে মিছিল করেছি। অথচ হামলা চালানো হয়েছে বাইরে থেকে গুন্ডা এনে।”
কলকাতা উচ্চ আদালতের নির্দেশানুযায়ী বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় কালীঘাট তৃণমূলের। তবে কিছু দূর এগোতেই শুরু হয় অশান্তি। মিছিল চলাকালীন ওঠে ‘চোর চোর’ স্লোগান ল। শুধু তাই নয়, রাস্তার একপাশ থেকে বাজে ‘মাছ চোর’ গানও। মমতাপন্থী তৃণমূলের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি কর্মী-সমর্থকেরা। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা পরে রূপ নেয় হাতাহাতির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে আর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে বঙ্গ রাজনৈতিক মহল।



By










