দেবজিৎ মুখার্জি: “বিজেপি সদস্যপদের কার্ড থাকলেই প্রমাণ হয়ে যাবে নাগরিকত্ব” বিদেশমন্ত্রকের পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয় বার্তা নিয়ে গেরুয়া শিবিরকে তোপ দাগলেন হায়দরাবাদের সাংসদ, তথা মিম নেতা, আসাদউদ্দিন ওয়েইসি। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, আর ৪ বছর পর এমনটা হতে পারে। এখানেই শেষ নয়, তিনি এই দাবিও করেন যে কেন্দ্র চাইছে যেকাউকে যখন তখন ধরে আপনি আদৌ ভারতীয় প্রশ্ন করতে।
বিদেশমন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে যে পাসপোর্ট বিদেশ ভ্রমণের ডকুমেন্ট, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। বিষয়টি জনসম্মুখে আসতেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। জাতীয় রাজনৈতিক মহলে যেমন এই মন্তব্য ঘিরে হইচই পড়েছে, তেমনি উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। মোদি সরকার যে এর জেরে প্রশ্নের মুখে পড়েছে, তা সহজেই অনুমান করা যায়।
বিষয়টি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, “মনে হয় কেন্দ্র বলতে চাইছে যে ভারতের নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে বিজেপির সদস্যপদের কার্ড থাকলেই। আর ৪ বছর পরেই এমনটা হতে পারে।” তিনি আরও বলেন, “আমি এই দেশের নাগরিক জন্মগতভাবে এবং স্বেচ্ছায়। আমার ঠাকুরদার ঠাকুরদা ভারতবর্ষে জন্মেছেন, এখানেই ছিলেন পূর্বপুরুষরাও। আমার মনে হয় সরকার চাইছে, যেকোনও ব্যক্তিকে যখন তখন ধরে প্রশ্ন করবে, ‘আপনি কি আদৌ ভারতীয়’?”
পাসপোর্ট আইন উল্লেখ করে হায়দরাবাদের সাংসদ বলেন, “ভারতীয় নাগরিক না হলে তাঁকে পাসপোর্ট দেয় না ভারত সরকার। পাসপোর্ট ইস্যু করা হয় পুলিশ ভেরিফিকেশনের পরেই। ভারতের নাগরিক নন, এমন কাউকে দেওয়ার কথা নয় পাসপোর্ট। যদি আজ কেন্দ্র বলে, নাগরিকত্বের শংসাপত্রটাই আসল প্রমাণ, সেই ক্ষেত্রেও পালটা যুক্তি আছে। কারণ এমন কোনও শংসাপত্র থাকে না জন্মসূত্রে ভারতীয়দের কাছে।”



By












