দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার বিধানসভায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি দফতরে বাংলা ভাষা বাধ্যতামূলক করার কথা, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি কেন্দ্রের সঙ্গে সরকারি যোগাযোগে ইংরেজির বদলে হিন্দি ব্যবহারের সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।
বিধানসভায় মুখ্যমন্ত্রী শাহী চিঠির কথা তুলে ধরেন। তা পাঠ করে শোনানোর পর তিনি বলেন, “সরকারি কাজে বাংলা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন নীতি। সরকারি দফতরের চিঠিপত্র, বিজ্ঞপ্তি, নথিপত্র থেকে শুরু করে থানার প্রশাসনিক কাজেও বাধ্যতামূলক করা হবে বাংলা ভাষা।”
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আগামী দেড় মাস সময় নেওয়া হবে এই বদলের জন্য দরকারী অনুবাদ, সফটওয়্যার এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করতে।” পাশাপশি কেন্দ্র-রাজ্য যোগাযোগের ব্যাপারেও গুরুত্বপূর্ণ বদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শ অনুসারে, ভবিষ্যতে ইংরেজির জায়গায় হিন্দিতে পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারি চিঠিপত্র। দরকারে সাহায্য নেওয়া হবে কেন্দ্রের রাজভাষা বিভাগের প্রযুক্তিগত সহায়তা ও সফটওয়্যারেরও।



By










