দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: ১৬ই আগস্ট নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের। এবার থেকে আর এদিনে পালন হবে না ‘খেলা হবে দিবস’ হিসেবে। বরং পালন করা হবে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে। রবিবার মেচেদার এক গেস্ট হাউসে দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে দুটি আলাদা বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনই নিয়ে পরিকল্পনার কথা জানান।
শুভেন্দু অধিকারী বলেন, “১৬ অগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে৷ ওইদিনই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল সুরাওয়ার্দির নেতৃত্বে৷ আর সেই দিনটায় খেলা হবে দিবস পালন করত তৃণমূল কংগ্রেসের সরকার৷” এরপরই তিনি জানান, “আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওইদিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে৷” পাশাপাশি আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা নিয়েও নিজের বক্তব্য রাখেন তিনি এবং আশ্বস্ত করেন যে সকল যোগ্যরাই তা পাবেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূলের তরফ থেকে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২১ সালের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ নির্বাচনী স্লোগানকে এক বিশেষ দিন হিসেবে পালনের কথা ঘোষণা করেছিলেন। যদিও এর নেপথ্যের কারণ জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই পালিত হবে ‘খেলা হবে’ দিবস।” তবে তবে চলতি বছরে বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটে। তৃণমূল আমলের একাধিক সিদ্ধান্ত বদলেছে বিজেপি সরকার। এবার সেই তালিকায় জায়গা পেল ১৬ অগাস্টও। এবার দেখার বিষয় যে বিজেপির এই সিদ্ধান্ত নিয়ে কি বলে প্রাক্তন শাসকদল।



By










