দেবজিৎ মুখার্জি, কলকাতা: দলের টাকা ফ্রিজ করার জন্য কেন ব্যাঙ্ককে চিঠি দিয়েছিলেন? এই ব্যাপারে তৃণমূলের তরফ থেকে শোকজ করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দেন তিনি। তিন পাতার চিঠি পাঠানো হয় তাঁর তরফ থেকে এবং নানা বিস্ফোরক দাবি করা হয়, যা ঘিরে আরও অস্বস্তিতে পড়েছে রাজ্যের প্রাক্তন শাসকদল।
যখন রাজ্যে ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তখন দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। সম্প্রতি, তাঁর তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল ব্যাঙ্ককে দলের টাকা ফ্রিজ করার জন্য। এমনিতেই নানা ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি, তার উপর অরূপ বিশ্বাসের এই পদক্ষেপকে ঘিরে ব্যাপক হইচই পড়েছিল রাজনৈতিক মহলে। স্বাভাবিকভাবে, অস্বস্তি আরো বেড়েছিল প্রাক্তন শাসকদলের।
এই পরিস্থিতিতে দলের তরফ থেকে শোকজ করা হয় অরূপ বিশ্বাসকে। তার পরিপ্রেক্ষিতে তিনি তিন পাতার চিঠি লিখে দলকে পাল্টা দেন। সুত্র মারফত খবর, প্রাক্তন মন্ত্রী চিঠিতে লিখেছেন যে নানা সময়ে তথ্য না দিয়েই সই করিয়ে নেওয়া হয়েছে চেকে। কী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে দলের তহবিলের টাকা, তা জানেন না তিনি। সেই কারণেই তিনি চিঠি দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে। এহেন পরিস্থিতিতে জল্পনা বাড়ছে যে তিনি বিক্ষুব্ধদের শিবিরের যোগ দেবেন কিনা। যদিও সেই চিঠিতে অরূপ বিশ্বাস পরিষ্কার করে দিয়েছেন যে তিনি দলেই রয়েছেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।



By










