দেবজিৎ মুখার্জি, কলকাতা: কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তার আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের তরফ থেকে জানানো হয়েছে যে যতটাই করতে পারবেন, এই বাজেটে করবেন। এখানেই শেষ নয়, তিনি এটাও পরিষ্কার করে দেন যে সামনের দিনগুলিতে কী করতে চাইছেন, তা সরকারের তরফ থেকে তুলে ধরা হবে বিস্তারিতভাবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গে হয়েছে অষ্টাদশ বিধানসভা নির্বাচন। তাতে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি এবং রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে গড়েছে ইতিহাস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর একাধিকবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বিজেপি সরকার উন্নয়ন করার পাশাপাশি রাজ্যবাসীর সুবিধার্থে সবরকম কাজ করবে। যদিও বিরোধীরা লাগাতার দাবি করে চলেছে যে গেরুয়া শিবির জনস্বার্থ বিরোধী।
এই আবহে সোমবার, ২২ জুন, প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে নয়া নির্বাচিত সরকারের তরফ থেকে। চলতি আর্থিক বছরের বাকি মাসগুলির জন্য সম্পূর্ণ বাজেট পেশ করা হবে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের তরফ থেকে। সুতরাং রাজ্যের সাধারণ মানুষের যে নজর সেদিকেই থাকবে, তা বলাই বাহুল্য। কী ঘোষণা করতে চলেছে সরকার বা সেই ঘোষণা থেকে তাঁদের কোনও সুবিধা হবে কিনা, এই জাতীয় নানা প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। রাজনৈতিক মহলেও যে একই প্রশ্ন চলছে, তা না বললেও স্পষ্ট।
তার আগে রাজ্যের নয়া অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, “যতটাই করতে পারি, করব এই বাজেটে।” তাঁর সংযোজন, “কী করতে চাইছি সামনের দিনে, সেটা আমরা উল্লেখ করব বিস্তারিতভাবে।” তবে তিনি আশ্বাস দিয়েছেন যে সরকারের তরফ থেকে এক দিশা দেখানো হবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে কী ঘোষণা করা হয়। শুধু তাই নয়, এরপর বিরোধী দলগুলির তরফ থেকে কী প্রতিক্রিয়া দেওয়া হয়, সেটাও দেখার মতো বিষয়।



By










