দেবজিৎ মুখার্জি, কলকাতা: কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। তার আগে রবিবার দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। সূত্র মারফত খবর, সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করা যাবে না বাজেটের। বরং সবটা খতিয়ে দেখে মন্তব্য করা হবে। শোনা যাচ্ছে, বৈঠকে তিনি বলেছেন, মানুষ ভালোভাবে নেবে না যদি সবে ক্ষমতায় আসা সরকারের সমস্ত পদক্ষেপের সমালোচনা করা হয়।
প্রসঙ্গত, সম্প্রতি পশ্চিমবঙ্গে হয়েছে অষ্টাদশ বিধানসভা নির্বাচন। তাতে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি এবং রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে গড়েছে ইতিহাস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর একাধিকবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে বিজেপি সরকার উন্নয়ন করার পাশাপাশি রাজ্যবাসীর সুবিধার্থে সবরকম কাজ করবে। যদিও বিরোধীরা লাগাতার দাবি করে চলেছে যে গেরুয়া শিবির জনস্বার্থ বিরোধী।
এই আবহে সোমবার, ২২ জুন, প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে নয়া নির্বাচিত সরকারের তরফ থেকে। সুতরাং রাজ্যের সাধারণ মানুষের যে নজর সেদিকেই থাকবে, তা বলাই বাহুল্য। কী ঘোষণা করতে চলেছে সরকার বা সেই ঘোষণা থেকে তাঁদের কোনও সুবিধা হবে কিনা, এই জাতীয় নানা প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। রাজনৈতিক মহলেও যে একই প্রশ্ন চলছে, তা না বললেও স্পষ্ট। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে কী ঘোষণা করা হয়।



By










