দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্য পুলিশের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর আগে তাঁদের উপহার দিলেন তিনি। কী সেই উপহার? অক্টোবর মাস থেকে তাঁদের রেশন ভাতা বাড়ানো হবে ৫০০ টাকা করে। অর্থাৎ দেড় হাজার থেকে তা বেড়ে হবে দুই হাজার। শুধু তাই নয়, আরও একাধিক ঘোষণা করা হয় এদিন রাজ্যের সর্বোচ্চ নেতার তরফ থেকে।
মঙ্গলবার ভবানীভবনে কাটমানি, সিন্ডিকেটরাজ রুখতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকে পুলিশের রেশন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন তিনি। তাঁর বক্তব্য, “এটা তো হতে পারে না মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবে। কিছু না কিছু তো দিতে হবে। আমি দিয়ে গেলাম দুর্গাপুজোর গিফট। অক্টোবর মাস থেকে বাড়িয়ে দিলাম ৫০০ টাকা করে।” এছাড়া আগামীদিনে পুলিশকে আরও সহযোগিতা করার বার্তা দেওয়ার পাশাপাশি সকলকে ভালো মতো কাজ করারও তিনি পরামর্শ দেন।
প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনে ভবানীপুর ও নন্দীগ্রাম, দুই গুরুত্বপূর্ণ আসন থেকেই জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তিনি পরাজিত করেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপরই তৃণমূলের সর্বোচ্চ নেত্রী কারচুপির অভিযোগ তোলেন। যদিও গেরুয়া শিবিরের তরফ থেকেও এর পাল্টা দেওয়া হয় তাঁকে সহ গোটা ঘাসফুল শিবিরকে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। এবার দেখার বিষয় যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীদিনে তা পূরণ করতে কতটা সফল হন।



By











