দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয়েছে কলকাতার রাজপথে, তাতে হয়েছে রাষ্ট্রবিরোধী কাজকর্ম। শুধু তাই নয়, মিছিলে গুন্ডাগিরি ও ইচ্ছাকৃত অশান্তি ছড়ানোর অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে নামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ছাত্র সংগঠন এবিভিপি, ওরফে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চে’র মিছিলে নামা হয় তাদের তরফ থেকে।
এদিন শিয়ালদহ, হাওড়া থেকে এবিভিপি নেতারা ধর্মতলায় জড়ো হয়ে জাতীয় পতাকা হাতে মিছিলে নামেন। তাঁদের অভিযোগ, ছাত্র আন্দোলনের নামে কাজ করছে দেশ বিরোধী চক্রান্ত। এই মিছিলে ছাত্রদের পাশাপাশি দেখা গিয়েছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও। তাঁদের মধ্যে একজন বলেন, “আগেও পেপার লিকের মতো ঘটনা ঘটেছে। তবে তা সমর্থন করছি না আমরা। কিন্তু যেভাবে দেশকে অশান্ত করার চক্রান্ত করা, তার বিরুদ্ধে মিছিল। পতন হোক দেশ বিরোধী শক্তির।”
প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে গত শুক্রবার কলকাতার ধর্মতলায় বিক্ষোভ দেখায় সিজেপি ও বাম সংগঠনগুলি। তবে তাদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় জুতো-জলের বোতল। অন্যদিকে পুলিশও লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সাহায্য নেয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। আক্রান্ত হন বিক্ষোভকারী থেকে শুরু করে পুলিশ ও সাংবাদিক সকলেই। ঘটনায় ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হয়েছে।
এই বিশৃঙ্খলার প্রতিবাদ জানাতে এদিন জাতীয় পতাকা হাতে কলকাতার রাজপথে বিজেপি নেতাদের সঙ্গে প্রতিবাদ করতে নামেন দলীয় কর্মী-সমর্থকরা। শিয়ালদহের মিছিলে ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ সহ গেরুয়া শিবিরের একাধিক নেতা। মঙ্গলবার পথে নামল আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। এবার দেখার আগামীদিনে এই আন্দোলন কী প্রভাব ফেলে রাজ্য ও জাতীয় রাজনীতিতে।



By











