দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিট পরীক্ষার প্রশ্নফাঁসের পর আত্মঘাতী হয়েছেন ২০ জন পড়ুয়া, যা মোদি সরকারের দ্বারা হত্যা বলে অভিযোগ তুলে সরব হয়েছেন এআইসিসির (AICC) নেত্রী, তথা হাত শিবিরের সমাজমাধ্যম ও ডিজিটাল যোগাযোগ বিভাগের চেয়ারপার্সন, সুপ্রিয়া শ্রীনতে। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, এবার নিট পরীক্ষার প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করেছেন ২০ জন ছাত্রছাত্রী এবং এটি করেছে মোদি সরকার ও তার শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, তিনি এই প্রশ্নও তুলেছেন যে কেন প্রশ্নফাঁস করা ব্যক্তিদের সঙ্গে বিজেপির যোগাযোগ মিলছে।
প্রশ্নফাঁসের প্রতিবাদ জানাতে গেরুয়া শিবির শাসিত রাজস্থানের কোটা থেকে ‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচি শুরু করেছেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। ৯ অগস্ট হাত শিবিরের ডাকে বিক্ষোভ কর্মসূচি রয়েছে দিল্লিতে। সেই উপলক্ষে বৃহস্পতিবার দেশের ২৮টি শহরে বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়েছে নেতৃত্বের তরফ থেকে। তারই অংশ হিসাবে সুপ্রিয়া কলকাতা প্রেস ক্লাবে সেই মন্তব্য করেছেন।
তিনি বলেন, “বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতে নাগরিকদের ৬৫% তরুণ প্রজন্ম। কিন্তু তাদের অবস্থা কী? কঠিন পরিশ্রম করছেন দেশের পড়ুয়ারা। কিন্তু যখন তাঁরা পরীক্ষা দিতে যাচ্ছেন, জানতে পারছেন যে প্রশ্নফাঁস করেছেন প্রশ্নপত্র-মাফিয়ারা। এবার নিট-ইউজির (NEET-UG) প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করেছেন প্রায় ২০ জন পড়ুয়া। এটা হত্যা ভারত সরকার ও তার শিক্ষামন্ত্রীর দ্বারা।” তাঁর সংযোজন, “এখনও প্রকাশ্যে আসেনি প্রশ্নফাঁসের সিন্ডিকেট। নানা পরীক্ষায় যাঁরা প্রশ্নফাঁস করেছেন, তাঁদের সঙ্গে কেন যোগাযোগ দেখা যাচ্ছে বিজেপির?” প্রসঙ্গত, ‘ছাত্র কি গুঞ্জ’ কর্মসূচি চলবে ৩০ জুন থেকে ৯ অগস্ট অবধি।



By











