দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে চাপে পড়েছে গোটা বিশ্ব। জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সমস্ত দেশ। ব্যতিক্রম নয় নরেন্দ্র মোদীর ভারতও। দেশের প্রতিটি প্রান্তে দেখা গিয়েছে জ্বালানি নিয়ে সমস্যা। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে একাধিক হোটেল ও রেস্তরা। এক কথায়, বর্তমানে গোটা দেশে চলছে একটা ক্রাইসিস পিরিয়ড।
তবে এমন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এনএক্সটি সম্মেলনে যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে নিজের বার্তায় তিনি দাবি করেন যে বর্তমানে যে গ্যাস সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠবে গোটা দেশ, ঠিক যেমন কোভিডের বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। প্রধানমন্ত্রী বলেন, “আমার পুরো বিশ্বাস রয়েছে ১৪০ কোটি ভারতবাসীর উপর। এই পরিস্থিতিও আমরা কাটিয়ে উঠবো কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের মতো। আমাদের সংকল্প পরিষ্কার। যাতে সমস্যায় না পড়ে নাগরিকরা, তাই সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সাপ্লাই ব্যবস্থায় তৈরি হওয়া বাঁধাগুলি অতিক্রম করার জন্য।”
কালোবাজারিদের উদ্দেশ্যেও নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “যাঁরা গ্যাসের কালোবাজারি করছেন পরিস্থিতির সুযোগ নিয়ে, কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে।” পাশাপাশি, সমস্ত রাজ্যের সরকারকে তিনি নির্দেশ দিয়েছেন কড়া নজরদারি চালানোর অসাধু ব্যবসায়ীদের হ্রাস টানতে। এবার দেখার বিষয় যে কিভাবে পরিস্থিতি সামাল দেয় ভারত সরকার। আগামীদিনে কি হয়, সেদিকেই নজর রয়েছে সকল দেশবাসীর।



By













