• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার ভোটের দিন রণক্ষেত্রের চেহারা নিল কালীঘাট

দ্বিতীয় দফার ভোটের দিন রণক্ষেত্রের চেহারা নিল কালীঘাট

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের দিন রণক্ষেত্রের চেহারা নিল কালীঘাট। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান তৃণমূল কর্মী-সমর্থকদের। পাল্টা গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের তরফ থেকে আসে ‘জয় শ্রী রাম’ স্লোগান। এই স্লোগান ও পাল্টা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিশাল উত্তেজনা ছড়ায় কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে। 

ঘটনাস্থলে দাঁড়িয়েই কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী এবং দ্রুত কেন্দ্রীয় বাহিনী পাঠাতে বলেন। তার কয়েক মিনিটের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে হালকা লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ঘাসফুল শিবিরের কাউন্সিলর, তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধু, কাজরী বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “ভোট শান্তিপূর্ণ হচ্ছিল। পুলিশ-কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে শুভেন্দুর কথায়।”

দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকেই ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী দুজনেই। নানা এলাকা ঘুরে তাঁরা খতিয়ে দেখছেন বুথ পরিস্থিতি। এরমধ্যেই শুভেন্দু অধিকারী যান জয়হিন্দ ভবনে বুথ পরিদর্শনে। তখন তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মী-সমর্থকদের তরফ থেকে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। ঘটনায় একটা সময়ে শুভেন্দু অধিকারীকে রীতিমতো মেজাজ হারিয়ে কালীঘাটের রাস্তায় দৌড়তেও দেখা যায়।

তাঁর অভিযোগ, বহিরাগতরা তাঁর উপর আক্রমণ করছেন। যদিও তা অস্বীকার করেন কাজরী বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “প্রমাণ করুন ওনার উপর হামলা হয়েছে। এই অভিযোগ ভোটারদের প্রভাবিত করতেই করা হচ্ছে।” ঘটনায় তৃণমূল নেত্রীর তরফ থেকে নিস্ক্রিয়তার অভিযোগ তোলা হয় কমিশনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top