• Home
  • জেলার খবর
  • চূড়ান্ত তালিকা দেখে মৃত বৃদ্ধ, ব্রেন স্ট্রোকে আক্রান্ত মহিলা

চূড়ান্ত তালিকা দেখে মৃত বৃদ্ধ, ব্রেন স্ট্রোকে আক্রান্ত মহিলা

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: এসআইআরের অসম্পূর্ণ চূড়ান্ত তালিকায় নাম বিচারাধীন থাকায় আতঙ্কে মৃত্যু এক প্রৌঢ়ের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। ঘটনার প্রতিবাদ জানাতে পথে নামে শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফ থেকে অবরোধ করা হয় লালগোলা-বহরমপুর রাজ্যসড়ক। অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনের দিকে।

জানা গিয়েছে, মৃতের নাম আব্দুল শেখ। তিনি মুর্শিদাবাদ বিধানসভার তেতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বুধিয়া মাঠপাড়ার বাসিন্দা। তাঁর পরিবারে তিনি মিলিয়ে মোট ১০ জন সদস্য। পরিবারের লোকেদের ডাকা হয়েছিল শুনানিতে এবং তিনি যাবতীয় কাগজপত্র দিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে তিনি আতঙ্কিত এমনিতেই ছিলেন। তার উপর সেটা দ্বিগুণ হয়ে যায় যখন তিনি দেখেন অসমাপ্ত চূড়ান্ত তালিকায় সকলের নামই বিচারাধীন। সেই ভয় থেকেই তিনি রবিবার রাতে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে ভর্তি করানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার ভোরে তিনি না ফেরার দেশে চলে যান। ঘটনাকে ঘিরে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসীরা। 

অন্যদিকে, আরও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনায়। সাধনা মজুমদার নামে বছর ৪২এর পানিহাটির এক বাসিন্দা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন চূড়ান্ত তালিকায় নাম না থাকায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে। জানা যাচ্ছে, প্যারালিসিস হয়ে গিয়েছে শরীরের একদিক। শুধু তাই নয়, তাঁর স্বামী অরিন্দম মজুমদার ক্যান্সারে ভুগছেন। 

প্রসঙ্গত, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে বাদ পড়েছে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। খসড়া তালিকাতে বাদ পড়েছিল ৫৮ লক্ষ এবং চূড়ান্ত তালিকাতে বাদ পড়ে আরো প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার। 

এছাড়া বিচারাধীন অবস্থায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম। নতুন ভোটার যুক্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৩৬। এই পর্যন্ত রাজ্যের টোটাল ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একে অপরকে আক্রমণ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top