দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআরের অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬৪ লক্ষ নাম বাদ পড়ায় কমিশনের বিরুদ্ধে পথে নামার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন আগামী ৬ মার্চ। শুধু তাই নয়, তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি পর্যন্ত দেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এভাবে যদি অ্যাডজুডিকেশন লিস্টে এত বিধানসভার মানুষের নাম থাকে, তাহলে সেখানে নির্বাচন হলেও তো থেকে যাবে অমীমাংসিত।” মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “চালাকি করতে যাবেন না বেশি। চ্যালেঞ্জ করলাম আপনাকে। মামলা করুন আমার নামে। আমি তাহলে সুযোগ পাবো মামলা লড়ার। ধরে ধরে খুলব মুখোশ। তারাই আপনাদের বিচারাধীন করবে ছয় মাসের মধ্যে, যাদের আপনি অ্যাডজুডিকেশন করেছেন।” পাশাপাশি, তিনি ফর্ম ৬ জমা দেওয়ার পরামর্শ দেন তালিকায় নাম বাদ পড়া দলীয় কর্মীদের।
প্রসঙ্গত, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরের অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এতে বাদ পড়েছে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। খসড়া তালিকাতে বাদ পড়েছিল ৫৮ লক্ষ এবং চূড়ান্ত তালিকাতে বাদ পড়ে আরো প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার।
এছাড়া বিচারাধীন অবস্থায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম। নতুন ভোটার যুক্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৩৬। এই পর্যন্ত রাজ্যের টোটাল ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। একে অপরকে আক্রমণ করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। তবে জল যে অনেকদূর পর্যন্ত গড়াবে, তা না বললেও বোঝা যায়।



By










